
India vs Pakistan: শিবরাত্রির (Maha Shivratri 2026) আনন্দ বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। শিবরাত্রিতে যখন সারা দেশে মন্দিরগুলিতে মহাদেবের (Mahadev) আরাধনা চলছে, বহু মানুষ রাত জাগবেন, তখন সবার মনেই এই আনন্দ থাকবে যে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। যে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের যা রেকর্ড, তাতে এই জয় প্রত্যাশিত ছিল। তবে এত সহজে যে জয় আসবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha) কলম্বোর (Colombo) মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর কৌশল কোনও কাজেই লাগল না। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ভারতীয় দল।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ১৭৫ রান করে। সেরা ব্যাটিং করেন ঈশান কিষান (Ishan Kishan)। এই ওপেনার ৪০ বলে ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২৯ বলে ৩২ রান করেন। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের (R Premadasa Stadium) পিচে জয়ের জন্য ১৭৫ রান যথেষ্টর চেয়ে বেশিই ছিল। বিশেষ করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের যা শক্তি, তাতে কম রান করলেও হয়তো সহজ জয়ই পেত ভারত। দুই ওভারের মধ্যে ১৩ রানে তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। তারপর উসমান খান (Usman Khan) কিছুটা লড়াই করেন। তিনি ৩৪ বলে ৪৪ রান করেন। শাদাব খান (Shadab Khan) ১৪ রান করেন। ফাহিম আশরফ (Faheem Ashraf) ১০ রান করেন। শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ২৩ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ফলে ৬১ রানে জয় পেল ভারত।
ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), অক্ষর প্যাটেল (Axar Patel) ও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) দুই উইকেট করে নেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও তিলক ভার্মা (Tilak Varma) এক উইকেট করে নেন।
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর তিন ম্যাচ জিতে গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। গ্রুপে তৃতীয় স্থানে নেমে গেল পাকিস্তান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।