
Cristiano Ronaldo News: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জল্পনা উস্কে দিলেন তাঁর বোন কাতিয়া আভেইরো (Katia Aveiro)। তিনি বলেছেন, 'নির্ভরযোগ্য সূত্র থেকে আমি তথ্য পেয়েছি, ও এবারই শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলছে। আমার বিশ্বাস, আজই ও বিদায় জানাবে না। তবে খুব তাড়াতাড়ি ও অবসরের কথা ঘোষণা করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ও এবারই পর্তুগালের (Portugal) হয়ে শেষ টুর্নামেন্টে খেলছে।' চলত বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে ২-১ জয় পেয়েছে পর্তুগাল। ফলে অন্তত রাউন্ড অফ ১৬ পর্যন্ত টিকে আছেন রোনাল্ডো। তবে তাঁর এখন বয়স ৪১ বছর। চার বছর পর ৪৫ বছর বয়সে হয়তো তাঁর পক্ষে আর বিশ্বকাপ ফুটবলে খেলা সম্ভব হবে না। এই কারণেই অবসরের জল্পনা বাড়ছে।
বোনের মন্তব্যের পর অবসরের জল্পনা নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের পর তিনি বলেছেন, ‘অবসর নিয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ নয়। এই টুর্নামেন্ট জেতা বা হেরে যাওয়ার পর এ বিষয়ে কথা বলার জন্য আমি অনেক সময় পাব। আমি পরিবারের সঙ্গে কথা বলব, তারপর সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেব।’ রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে ভাবছেন। পর্তুগালকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য। এখন তিনি অন্য কোনও বিষয় নিয়ে ভাবতে চাইছেন না।
অবসরের জল্পনার বিষয়ে জল্পনা প্রসঙ্গে রোনাল্ডো আরও বলেছেন, ‘আমি কখনও আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিই না। আমি সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিই। আমি বর্তমান সময় উপভোগ করছি এবং জাতীয় দলকে সাহায্য করছি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এই মন্তব্যের মাধ্যমে রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফুটবল চলাকালীন তিনি পর্তুগালের হয়ে ভালো পারফরম্যান্স দেখানো ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে নারাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।