
Indian Super League 2026-27: চলতি আইএসএল-এ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে খেলতে নেমে লজ্জার হার ইস্টবেঙ্গলের। শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র কাছে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড (East Bengal FC vs Chennaiyin FC)। ম্যাচের ফল ৫-৩। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ে (AFC Champions League Two 2026-27) ওমানের (Oman) আল-সিব ক্লাবের (Al Seeb Club) কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। এই হারের তিন দিন পরেই ফের হেরে গেল অ্যান্টনিও লোপেজ হাবাসের (Antonio López Habas) দল। চলতি আইএসএল-এ প্রথম হারের মুখ দেখল গতবারের চ্যাম্পিয়নরা। এদিনের হারে ইস্টবেঙ্গল দল নিয়ে অনেক প্রশ্ন উঠে গেল। একইসঙ্গে চলতি মরসুমে প্রথমবার হাবাসের রণকৌশল ও দলগঠন নিয়ে সমালোচনা তীব্র হয়ে উঠল। অনেক ইস্টবেঙ্গল সমর্থকই হাবাসের উপর বিরক্ত।
চোটের জন্য এদিন ইস্টবেঙ্গল দলে ছিলেন না তারকা ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। তাঁর অভাব বারবার বোঝা গেল। এদিন ম্যাচের শুরু থেকেই লাল-হলুদ রক্ষণে চাপ তৈরি করছিল চেন্নাইয়িন এফসি। তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ (Brison Fernandes)। তিনিই ১৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ২৮ মিনিটে ব্যবধান কমান আকে লোবা (Aké Loba)। কিন্তু ৩৯ মিনিটে জিকসন সিংয়ের (Jeakson Singh) ভুলে পেনাল্টি পেয়ে যায় চেন্নাইয়িন। গোল করেন রামন তানুকে (Ramon Tanque)। প্রথমার্ধের শেষে ১-৩ পিছিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় লাল-হলুদ ব্রিগেড। বক্সের মধ্যে হাতে বল লাগান মহম্মদ সাহিফ (Muhammed Saheef)। সঙ্গত কারণেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করে লাল-হলুদ শিবিরে আশার সঞ্চার করেন ড্যানি র্যামিরেজ (Dani Ramírez)। কিন্তু ৫৯ মিনিটে চেন্নাইয়িনের হয়ে চতুর্থ গোল করেন ইরফান ইয়ারওয়াড় (Irfan Yadwad)। তিনিই ৬৬ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন। ৯০ মিনিটে লাল-হলুদ ব্রিগেডের হয়ে ব্যবধান কমান ডেভিড লালহ্লানসাঙ্গা (David Lalhlansanga)।
এদিন চেন্নাইয়িন এফসি-র কাছে হারের ফলে লিগ টেবলে ৬ নম্বরে ইস্টবেঙ্গল। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে লাল-হলুদ্ ব্রিগেড। অন্যদিকে, এদিনই প্রথম জয় পাওয়া চেন্নাইয়িন এফসি পাঁচ ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।