IFA Shield 2026 Final: চলতি মরসুমে ডাবল করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) জেতার পর এবার আইএফএ শিল্ডও জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

DID YOU
KNOW
?
পরপর ২ বার শিল্ড জয়
পরপর ২ বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। ২ বারই ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় এল।

Kolkata Derby: ডুরান্ড কাপ (Durand Cup 2026) ফাইনালে হারের মধুর প্রতিশোধ। বৃহস্পতিবার আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield 2026 Final) ইস্টবেঙ্গলকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal FC vs Mohun Bagan Super Giant)। এবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) জেতার পর আইএফএ শিল্ড জিতে ডাবল করল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন শিল্ড ফাইনালে প্রথমার্ধের শেষদিকে একমাত্র গোল করেন বসনিয়ার (Bosnia) মিডফিল্ডার সামির জেলকোভিচ (Samir Zeljković)। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। গতবার আইএফএ শিল্ড ফাইনালে লাল-হলুদ ব্রিগেডের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার জয় এল নির্ধারিত সময়েই। প্রিয় দল পরপর দু'বছর আইএফএ শিল্ড জেতায় এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পাওয়ায় খুশি মোহনবাগান সমর্থকরা। সবুজ-মেরুন শিবিরে এদিন থেকেই উৎসব শুরু হয়ে গেল।

আত্মতুষ্টিই ইস্টবেঙ্গলের কাল হল?

সেমি-ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি- (NorthEast United FC) বিরুদ্ধে ৭-২ জয় পায় ইস্টবেঙ্গল। তারপর ফাইনালের আগে অতিরিক্ত আত্মবিশ্বাসী দেখাচ্ছিল লাল-হলুদ শিবিরকে। প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas) বলেছিলেন, তাঁর দল ৯০ মিনিটের মধ্যেই জয় পেতে চায়। ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ হল। কিন্তু ফল হাবাসের দলের পক্ষে ভালো হল না। অনেকে বলছেন, আত্মতুষ্টির জন্যই হেরে গেল ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের শুরুতে লাল-হলুদ ব্রিগেডেরই দাপট ছিল। একাধিক সুযোগও তৈরি করে ইস্টবেঙ্গল। কিন্তু তারপর লড়াইয়ে ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল পেয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে স্বস্তিতে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। সমতা ফেরানোর লক্ষ্যে সবরকমভাবে চেষ্টা করেন হাবাস। কিন্তু তাঁর দল গোল ছাড়া সবই করে। এদিন খেলার নিরিখে পিছিয়ে ছিল না ইস্টবেঙ্গল। কিন্তু গোল করতে না পারার খেসারত দিতে হল।

এবার শুরু আইএসএল

শনিবার শুরু হচ্ছে আইএসএল (Indian Super League 2026-27)। তার আগে পরপর ট্রফি জেতায় আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, কলকাতা ডার্বিতে হেরে যাওয়ায় ইস্টবেঙ্গলের মনোবল ধাক্কা খেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।