East Bengal FC: বিদেশি ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল বরাবরই দুর্দান্ত লড়াই করে। সদ্য বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) খেলা ইরাকের (Iraq) চ্যাম্পিয়ন দল আল-শোর্তার (Al Shorta) বিরুদ্ধেও এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের (AFC Champions League Two 2026-27) ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের অসাধারণ লড়াই দেখা গেল। তবে জয় পেল না লাল-হলুদ ব্রিগেড।

East Bengal FC vs Al Shorta: প্রথমার্ধেই যে ম্যাচে জয় নিশ্চিত করে ফেলা উচিত ছিল, সেই ম্যাচে হেরে গেল ইস্টবেঙ্গল। মঙ্গলবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের (AFC Champions League Two 2026-27) ম্যাচে ইরাকের (Iraq) আল-শোর্তার (Al Shorta) বিরুদ্ধে দু'বার এগিয়ে গিয়েও ২-৩ হেরে গেল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ২-১ এগিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ফল বদলে দিল ইরাকের ক্লাব। পিছিয়ে পড়ে আর সমতা ফেরাতে পারল না ইস্টবেঙ্গল। ফলে ঘরের মাঠে হারতে হল। ৭৬ মিনিটে জয় গুপ্তাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আবদুল মাগিদ মাউমুনি। ফলে ১০ জনে হয়ে যায় আল-শোর্তা। কিন্তু এর সুযোগ নিতে পারল না ইস্টবেঙ্গল। চলতি এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ে নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচেই হেরে গেল ইস্টবেঙ্গল।

কাজে লাগল না ডেভিডের জোড়া গোল

এদিন প্রথম মিনিটেই জয় গুপ্তার সঙ্গে সংঘর্ষে চোট পান ইরাকের দলের গোলকিপার জালাল হাসান। নয় মিনিটে হার্দিক ভাটের কাছ থেকে বল পেয়ে টার্ন করে বাঁ পায়ের শটে প্রথম গোল করেন ডেভিড লালহ্লানসাঙ্গা। ড্যানি র‌্যামিরেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দুর্দান্ত ক্রস করেন হার্দিক। সেই আক্রমণ থেকেই গোল আসে। ১৫ মিনিটের মাথায় সমতা ফেরায় আল-শোর্তা। কর্নার কিক থেকে আক্রমণে বিনা বাধায় হেডে গোল করেন আল-শোর্তার ডিফেন্ডার আহমেদ ইয়াহয়া আল-হাজ্জাজ। ১৯ মিনিটে জোরালা শট নেন লালচুংনুঙ্গা। ইরাকের দলের গোলকিপার বাঁ হাতে সেভ করেন। ফিরতি বল আসে ডেভিডের পায়ে। কিন্তু দুর্বল শট ধরে নেন গোলকিপার। সুবর্ণ সুযোগ নষ্ট হয়। ৩৯ মিনিটে গোলকিপার প্রভসুখন সিং গিলের কাছ থেকে বল পেয়ে আল-শোর্তার ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যান ডেভিড। তাঁকে ট্রিপ করেন মাউমুনি। রেফারি হলুদ কার্ড দেখান। ড্যানির ফ্রি-কিক সেভ করেন গোলকিপার। গোললাইন থেকে বল ধরে ডেভিডকে বাড়ান বাসিম রশিদ। গোল করে ফের দলকে এগিয়ে দেন ডেভিড। ৫০ মিনিটে হার্দিক ভাটকে কাটিয়ে মাইনাস করেন আহমেদ। গোল করে সমতা ফেরান হুসেন আল-সায়েদি। পরের মিনিটেই কর্নার-কিক থেকে হেডে গোল করেন কিংসলে কুকু। গিলের হাতে লেগে বল জালে জড়িয়ে যায়।

গোল নষ্টের প্রদর্শনী ডেভিডের

এদিন আল-শোর্তা দ্রুত প্রতি-আক্রমণে নিজেদের অর্ধ থেকে ইস্টবেঙ্গলের বক্সে পৌঁছে যাচ্ছিল। ইস্টবেঙ্গলের প্রচুর মিস পাস হচ্ছিল।মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকছিল না। এরই সঙ্গে যোগ হয় গোল নষ্টের প্রদর্শনী। ৪৩ মিনিটে রশিদের ফ্রি-কিক থেকে জয় গুপ্তার মাইনাসে বল পেয়ে যান ডেভিড। তাঁর শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটেই হার্দিক ভাটের মাইনাস থেকে ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন সেই ডেভিড। প্রথমার্ধের সংযুক্ত সময়ে এডমুন্ডের কাছ থেকে বল পেয়ে শট নেন ডেভিড। সেভ করে দেন ইরাকের গোলকিপার। ৪৮ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও শট নিতে পারেননি রশিদ। ৬৬ মিনিটে গোললাইন সেভ করে আল-শোর্তা। ড্যানি-ডেভিডের আক্রমণ থেকে এডমুন্ডের হেড গোললাইন সেভ হয়। এরপরেও সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সমতা ফিরল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।