
Durand Cup 2026: চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ৫-০ জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC vs South United FC)। পরপর দুই ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়ে গ্রুপের বাধা টপকে কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জনের আশায় লাল-হলুদ ব্রিগেড। এদিন গোল করলেন নতুন বিদেশি ড্যানি রামিরেজ, গত মরসুমের সাফল্যের অন্যতম নায়ক মহম্মদ বাসিম রশিদ, এবার দলে যোগ দেওয়া হার্দিক ভাট, গত মরসুমের অন্যতম নায়ক বিপীন সিং ও ডেভিড লালহ্লানসাঙ্গা। ম্যাচের ষষ্ঠ মিনিটে বাঁ পায়ের অনবদ্য চিপে জালে বল জড়িয়ে দেন রামিরেজ। ২৩ মিনিটের মাথায় রামিরেজের কর্নার-কিক থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান রশিদ। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৭৩ মিনিটে হার্দিকের দূরপাল্লার শট বিপক্ষের গোলকিপার সুনীল সিংয়ের হাতে লেগে জালে জড়িয়ে যায়। ৮০ মিনিটে অসাধারণ হেডে দলের চতুর্থ গোল করেন বিপীন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান ডেভিড।
চলতি মরসুমে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় তারকা হয়ে উঠতে পারেন রামিরেজ। তিনি প্রতি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। রশিদ গত মরসুমের মতোই পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি ধারাবাহিকতা বজায় রেখেছেন। নতুন ডিফেন্ডার নাচো মনসালভে এখনও পরীক্ষিত নন। শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তিনি পরীক্ষার মুখে পড়বেন। এদিন দ্বিতীয়ার্ধে জেসিন টি কে-র পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্রিস্টোফার জেমস ইকোনমিডিস। লেফট উইংয়ে তাঁর দৌড়, ক্রস নজর কেড়ে নিল। সব বিদেশি ফুটবলাররা ছন্দে থাকলে চলতি মরসুমেও সাফল্য পেতে পারে ইস্টবেঙ্গল।
চলতি ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে গোল করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্সের বিরুদ্ধে ৮-০ জয় পায় ইস্টবেঙ্গল। এরপর শুক্রবার পাঁচ গোলে জয় এল। তিন ম্যাচ খেলে ১৩ গোল করায় কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জনের বিষয়ে আশাবাদী লাল-হলুদ শিবির।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।