Durand Cup 2026: এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই জয়ের ফলে নক-আউটের যোগ্যতা অর্জনের সম্ভাবনা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল।

DID YOU
KNOW
?
ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল
এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল।

East Bengal FC vs CISF Protectors: চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2026) উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে ০-১ হেরে গেলেও, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সিআইএসএফ প্রোটেক্টর্সের বিরুদ্ধে ৮-০ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেলেন অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। সিআইএসএফ-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন বিষ্ণু পি ভি। গোল পেলেন জেসিন টি কে, জিকসন সিং ও বিপীন সিং। ম্যাচের প্রথম ৩০ মিনিটের খেলা দেখে হতাশ হন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা আশঙ্কায় ছিলেন, প্রিয় দল হয়তো এদিনই ডুরান্ড কাপ থেকে বিদায় নেবে। কিন্তু প্রথমার্ধের শেষদিক থেকে গোল শুরু হয়। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত থাকে। ১০ বা তার বেশি গোলেও জয় পেতে পারত ইস্টবেঙ্গল।

দল তৈরি করে নিচ্ছেন হাবাস

হাবাস কলকাতায় আসার পরেই ডুরান্ড কাপে প্রথম ম্যাচে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। দল তখন সবে অনুশীলন শুরু করেছে। ফলে দলের সবাই তৈরি হননি। শুক্রবার দেখা গেল, ইতিমধ্যেই দলের সবাইকে তৈরি করে নিয়েছেন এই স্প্যানিশ কোচ। এদিন ৩৮ মিনিটে এডমুন্ড লালরিন্ডিকার কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন বিষ্ণু। ৪২ মিনিটে বিষ্ণুর ক্রস সিআইএসএফ অধিনায়ক খালিদ ও রাজের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ড্যানি র‍্যামিরেজের কাছ থেকে বল পেয়ে গোল করেন জিকসন। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ৪৭ মিনিটে সন্দীপ মান্ডির কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন বিষ্ণু। ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান বিপীন। ৭০ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোল করেন জেসিন। ৭৪ মিনিটে কেরলের এই স্ট্রাইকার নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করেন। ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বিষ্ণু

পরের ম্যাচেও জেতা জরুরি

শুক্রবার বড় ব্যবধানে জয় পেলেও, চলতি ডুরান্ড কাপের নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে পরের ম্যাচেও জয় পেতে হবে ইস্টবেঙ্গলকে। এদিন বিষ্ণুরা বুঝিয়ে দিলেন, তাঁরা পরের ম্যাচেও জয় পেতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।