
East Bengal FC News: চলতি মরসুমে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা হিসেবে না থাকলেও, স্পনসর হিসেবে যুক্ত থাকছে ইমামি গ্রুপ (Emami Group)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ইমামি গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ‘ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ম্যানেজমেন্টে বিনিয়োগকারী হিসেবে ইমামি গ্রুপের ভূমিকা শেষ হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে ইমামি তাদের হাতে থাকা সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হস্তান্তর করেছে। এর ফলে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ও ম্যানেজার হিসেবে ইমামির ভূমিকার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। তবে ভারতীয় ফুটবলের উন্নতি ও উন্নয়নের প্রতি ইমামির দায়বদ্ধতা অব্যাহত থাকবে। বিনিয়োগ ও ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও স্পনসর হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের সম্পর্ক বজায় থাকবে। ক্লাবের পাশে থেকে তার ভবিষ্যৎ ক্রীড়া-লক্ষ্য পূরণে সহযোগিতা করবে ইমামি।’
ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার পর পুরুষ ও মহিলা দল সাফল্য পেয়েছে। এই সময়ে ক্লাব একাধিক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। পুরুষ দল গত মরসুমে প্রথমবার আইএসএল (Indian Super League 2026)। এর আগে ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024) চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালে পরপর দু’বার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। লাল-হলুদের মহিলা দলও এই সময়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। ২০২৩ সালে কন্যাশ্রী কাপ জয়ের পর ২০২৫ সালে উদ্বোধনী সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ (SAFF Women’s Club Championship) জিতে ইতিহাস তৈরি করে ইস্টবেঙ্গল। এটি ছিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল প্রথম আন্তর্জাতিক খেতাব। এরপর ভারতীয় মহিলা ফুটবলে নিজেদের আধিপত্য আরও প্রতিষ্ঠিত করে ইস্টবেঙ্গল। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মরসুমে পরপর দু’বার ইন্ডিয়ান উইমেনস লিগ (Indian Women’s League) জেতে লাল-হলুদের মহিলা ব্রিগেড।
ইমামি গ্রুপ জানিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের এই দীর্ঘ সম্পর্ক নিয়ে তারা গর্বিত। পাশাপাশি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের আগামী মরসুমগুলিতেও ধারাবাহিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে এই সংস্থা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।