Durand Cup 2026 Final: এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে অগোছালো অবস্থায় থাকা ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার ফাইনালে মধুর প্রতিশোধ নিল লাল-হলুদ ব্রিগেড। মরসুমের প্রথম সর্বভারতীয় ট্রফির ঠিকানা হল লেসলি ক্লডিয়াস সরণি।
KNOW
East Bengal FC vs Mohun Bagan Super Giant: কলকাতা ডার্বিতে (Kolkata Derby) প্রথমার্ধেই হ্যাটট্রিক! যাঁরা রবিবার বিকেলে ডুরান্ড কাপ ফাইনাল (Durand Cup 2026 Final) শুরু থেকে দেখেননি বা খবর রাখছিলেন না, তাঁরা পরে স্কোরলাইন দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এমনই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ইতিহাসে সোনার অক্ষরে নিজের নাম খোদাই করে নিলেন এডমুন্ড লালরিন্ডিকা (Edmund Lalrindika)। মিজোরামের (Mizoram) এই স্ট্রাইকার কলকাতা ডার্বি বা বড় ম্যাচের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে প্রথমার্ধেই হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন। তাঁর আগে কোনও স্বীকৃত টুর্নামেন্ট বা ম্যাচে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করেছেন বাইচুং ভুটিয়া, এডে চিডি ও কিয়ান নাসিরি। কিন্তু তাঁরা কেউই প্রথমার্ধে হ্যাটট্রিক করতে পারেননি। ফলে সব অর্থেই রবিবার ইতিহাস গড়লেন এডমুন্ড।
এডমুন্ডের দংশনের জ্বালায় জ্বলছে মোহনবাগান
এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিপীন সিং। এরপরেই শুরু হয় এডমুন্ডের জাদু। তিনি প্রথম গোল করেন ১২ মিনিটের মাথায়। এরপর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পরে। ৪৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এডমুন্ড। দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেননি। না হলে ইতিহাসের পাতায় আরও এক অধ্যায় যুক্ত করতে পারতেন এই মিজো স্ট্রাইকার। তবে তিনি যে পারফরম্যান্স দেখালেন, তাতে কলকাতা ডার্বির ইতিহাসে চিরকালীন নায়কদের তালিকায় জায়গা করে নিলেন। ২৯ বছর আগে এই বড় ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বাইচুং। তাঁকে বলা হত ‘পাহাড়ি বিছে’। রবিবার থেকে এডমুন্ডকেও সেই আখ্যা দেওয়া যেতে পারে। তাঁর দংশনেই তো মোহনবাগান সুপার জায়ান্ট শেষ হয়ে গেল।
এডমুন্ডের আফশোস মিটল
২০১৯-২০ মরসুমে প্রথমবার বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) থেকে লোনে ইস্টবেঙ্গলে যোগ দেন এডমুন্ড। সেবার তিনি আই লিগে (I-League 2019-20) অল্প সময়ের জন্য কলকাতা ডার্বিতে খেলেন। তারই মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়েন। সেই ম্যাচে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। তারপর গত মরসুমে আবার লাল-হলুদ জার্সি পরেন এডমুন্ড। তিনি গত মরসুমের আইএসএল-এ (Indian Super League 2026) মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গোল করেন। কিন্তু শেষমুহূর্তে গোল হজম করে ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। এবার হ্যাটট্রিক করে দলকে কলকাতা ডার্বিতে জয় এনে দিলেন এডমুন্ড।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


