
Óscar Bruzón: সৈয়দ রহিম নবি (Syed Rahim Nabi), সন্দীপ নন্দী (Sandip Nandy) ও আলভিটো ডি'কুনহা (Alvito D'Cunha), ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রধান কোচ অস্কার ব্রুজোঁর নিশানায় এই তিন প্রাক্তন ফুটবলার। সোমবার আইএসএল-এ (Indian Super League 2026) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব এফসি-র (Punjab FC) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগে রবিবার বিকেলে দলের উইংয়ের অন্যতম ভরসা বিষ্ণু পি ভি-কে (Vishnu PV) নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হন অস্কার। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ক্লাবের তিন প্রাক্তনীকে তোপ দাগেন। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে ম্যাচের পর ক্লাবের কর্মকর্তা, প্রাক্তন ফুটবলার, সমর্থকরা প্রধান কোচের তীব্র সমালোচনা করেন। সে কথা মনে রেখেছেন অস্কার। ক্লাব যখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে, তখন তিনি সমালোচনা ফিরিয়ে দিলেন।
এদিন তিন প্রাক্তন ফুটবলারকে তোপ দেগে অস্কার বলেন, ‘কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর ক্লাবে অনেক কথা হচ্ছিল। তিনজন প্রাক্তন ফুটবলার আছে, সৈয়দ রহিম নবি, সন্দীপ নন্দী, আলভিটো ডি’কুনহা। ক্লাব কী করে সাফল্য পাবে, খেতাব জিতবে, সে কথা ওরা কখনও বলে না। ওরা শুধু সমালোচনা করে, ছোট করে। ওরা ক্লাবের সাফল্য চায় না। ওরা শুধু আমার সমালোচনাই করছিল না, আমার খেলোয়াড়দের সম্পর্কেও খারাপ কথা বলছিল। আমি সমর্থকদের বার্তা দিতে চাই, ওরা ক্লাবের পক্ষে ক্ষতিকারক। কেরালার বিরুদ্ধে ম্যাচের পর থেকে কিন্তু ওরা আর কোনও কথা বলছে না। কারণ, আমরা পরপর ম্যাচ জিতছি।'
চলতি মাসের পরেই ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা করেছেন অস্কার। তার আগে তিনি দলকে আইএসএল জেতাতে চান। সোমবারের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি-কে অত্যন্ত শক্তিশালী দল বলে উল্লেখ করেছেন লাল-হলুদের প্রধান কোচ। ঘরের মাঠে খেলা হলেও, তিনি দলকে আত্মতুষ্ট হতে দিতে চান না। ভালো খেলে তিন পয়েন্ট আদায় করাই অস্কার ও তাঁর দলের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।