
Mother's Day 2026: কিশোর বয়সেই তারকা ক্রিকেটার হয়ে উঠলেও, বয়স তো সবে ১৫। ফলে এখনও মায়ের আদরের ছেলে আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ওপেনার বৈভব সূর্যবংশী। রবিবার মাতৃ দিবসে মাকে বিশেষ বার্তা দিলেন এই কিশোর। তিনি সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্টের মাধ্যমে মাকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এই বিশেষ দিনে সব ক্রিকেটারেরই মাকে শুভেচ্ছা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির সব সদস্যই মায়ের জন্য বিশেষ বার্তা দিচ্ছেন। তাঁরা মাকে 'গোলাপি প্রতিশ্রুতি' (Pink Promise) দিচ্ছেন। বৈভব তাঁর মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা তোমার জন্য মা।’ এই কিশোরের জন্য তাঁর মা গর্বিত। সেই গর্ব বৃদ্ধি করতে চান বৈভব।
শনিবার জয়পুরের (Jaipur) সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) গুজরাট টাইটানসের (Gujarat Titans) মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস। মাতৃ দিবসের কথা মাথায় রেখে এই ম্যাচে গোলাপি জার্সি পরে খেলতে নামেন বৈভবরা। তাঁরা অবশ্য ঘরের মাঠে এই ম্যাচে ৭৭ রানে হেরে গিয়েছেন। ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন এখনও নিশ্চিত হয়নি। কিন্তু এই ম্যাচে জয় না পেলেও, মাঠের বাইরের আচরণের জন্য সবার মন জয় করে নিয়েছেন বৈভবরা।
শনিবার রাতে এক নতুন রেকর্ড গড়েছেন বৈভব। তিনি টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে এবং দ্রুততম ১০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন। ১৫ বছর ৪৩ দিন বয়সে ২৯ ইনিংসে ৫১৪ বল খেলে ১০০টি ওভার-বাউন্ডারি মারেন বৈভব। তিনি গুজরাটের বিরুদ্ধে ১৬ বলে ৩৬ রান করেন। ইনিংসের শুরুতেই মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে ওভার-বাউন্ডারি মেরে রেকর্ড গড়েন বৈভব। এরপর তিনি আরও দু'টি ওভার-বাউন্ডারি এবং তিনটি বাউন্ডারি মারেন। বড় ইনিংস খেলার আশা জাগিয়ে তুলেছিলেন এই কিশোর। তবে তিনি সিরাজের বলে পুল শট খেলতে গিয়ে আর্শাদ খানকে (Arshad Khan) ক্যাচ দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।