
East Bengal FC Transfer Update: গত মরসুমে আইএসএল (Indian Super League 2026) জয়ী দলের আর্জেন্টাইন (Argentine) ডিফেন্ডার কেভিন সিবিয়েকে (Kevin Sibille) ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। কেভিনের পরিবর্ত হিসেবে এবার এক স্প্যানিশ (Spanish) ডিফেন্ডারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড। স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের (Atlético Madrid) প্রাক্তন ডিফেন্ডার ন্যাচো মনসালভেকে (Nacho Monsalve) দলে নেওয়ার কথা ঘোষণা করা হল। ৩২ বছর বয়সি এই সেন্টার-ব্যাকের বড় সম্পদ হল তাঁর উচ্চতা। এই ডিফেন্ডারের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলের হয়ে খেলা শুরু করার পর লা লিগার (LaLiga) এই ক্লাবের সি, বি দল এবং সিনিয়র দলের হয়েও খেলেছেন। এছাড়া ডেপোর্টিভো লা করুনার (Deportivo de La Coruña) বি দলের হয়েও খেলেছেন ন্যাচো। এই ডিফেন্ডার যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন।
এবার ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হিসেবে অ্যান্টনিও লোপেজ হাবাসের (Antonio López Habas) নাম ঘোষণা করা হয়েছে। তাঁর পরামর্শেই ন্যাচোকে দলে নেওয়া হল। আনোয়ার আলির (Anwar Ali) সঙ্গে কেভিনের জুটি দলকে ভরসা দিচ্ছিল। এবার নতুন স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গেও আনোয়ারের বোঝাপড়া গড়ে উঠবে বলে আশাবাদী লাল-হলুদ শিবির। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করতে পারেন ন্যাচো। তিনি কিছুদিনের মধ্যেই কলকাতায় চলে আসতে পারেন।
২৫ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2026)। অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তবে হাবাস এখনও কলকাতায় এসে পৌঁছননি। বিদেশি ফুটবলাররাও কলকাতায় আসেননি। তবে ভিনরাজ্যের ফুটবলাররা অনুশীলনে যোগ দিয়েছেন। তাঁরাই ডুরান্ড কাপের প্রস্তুতি চালাচ্ছেন। প্রধান কোচ ডুরান্ড কাপের আগেই কলকাতায় চলে আসতে পারেন। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচই কলকাতা ডার্বি (Kolkata Derby)। ফলে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচকে আলাদা গুরুত্ব দিতেই হচ্ছে। ইস্টবেঙ্গল শিবির নতুন মরসুমের শুরুটা ভালোভাবে করতে মরিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।