
East Bengal FC: এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women’s Champions League 2026-27) প্রিলিমিনারি পর্বে দুরন্ত ফর্ম ধরে রাখল ইস্টবেঙ্গলের মহিলা দল। বৃহস্পতিবার মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে (Likas Stadium in Kota Kinabalu, Malaysia) গুয়ামের (Guam) ক্লাব রোভার্স এফসি-কে (Rovers FC) ১২-০ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh) রাজশাহী স্টারসকে (Rajshahi Stars) ৪-০ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর বৃহস্পতিবার ১২-০ জয় পাওয়ার ফলে দুই ম্যাচে ইস্টবেঙ্গলের গোলসংখ্যা দাঁড়াল ১৬। বিপরীতে এখনও একটিও গোল হজম করেনি ইস্টবেঙ্গল। এশিয়া স্তরে ভারতের কোনও দলের এই পারফরম্যান্স বিরল। ইস্টবেঙ্গলের পুরুষ দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের (AFC Champions League 2) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারতের অন্য কোনও ক্লাবের পুরুষ ও মহিলা দল একই সময়ে এশিয়া স্তরে দেশের প্রতিনিধিত্ব করেনি। ফলে অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল।
রোভার্স এফসি-র বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। প্রিয়াঙ্কা দেবী নাওরেম ষষ্ঠ ও ২২ মিনিটে দু'টি গোল করেন। এর মাঝে ১৫ মিনিটে গোল করেন অষ্টম ওরাঁও। ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে কার্যত গোলের বন্যা বইয়ে দেয় ইস্টবেঙ্গল। অলিভিয়া আনোকিয়ে ৪৮ ও ৫৮ মিনিটে দু'টি গোল করেন। ৪৯ মিনিটে গোল করেন অ্যাবিগেইল আন্তি। এরপর সুলঞ্জনা রাউল ও সিল্কি দেবী হেমাম যথাক্রমে ৫১ ও ৫৬ মিনিটে গোল করেন। আবেনা আনোমা ওপোকু ৬৪ ও ৭০ মিনিটে আরও দু'টি গোল যোগ করেন। ৭৩ মিনিটে অঞ্জু চানু কায়েনপাইবাম গোল করে ব্যবধান ১১-০ করেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সৌম্যা গুগুলোথ ১২-তম গোলটি করেন। ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে নয়জন আলাদা খেলোয়াড় গোল করেছেন। যা দলের আক্রমণভাগের গভীরতা ও ভারসাম্য স্পষ্ট করে।
গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নির্ধারণের জন্য ইস্টবেঙ্গলের শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৩ আগস্ট আয়োজক সাবাহ এফএ- (Sabah FA) বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় লিকাস স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। এই ম্যাচের ফলই ঠিক করবে কোন দল গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্বে জায়গা করে নেবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।