
AFC Women’s Champions League 2026-27: রবিবার সন্ধে ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এদিন সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) ৪-১ উড়িয়ে ডুরান্ড কাপ (Durand Cup 2026) চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গলের পুরুষ দল। সেই সময়ই এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women’s Champions League 2026-27) প্রিলিমিনারি পর্বে মালয়েশিয়ার (Malaysia) সাবাহ এফসিকে (Sabah FC) ২-০ হারিয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা দল। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে (Likas Stadium) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল লাল-হলুদের মহিলা ব্রিগেড। এবার ইস্টবেঙ্গলের পুরুষ দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের (AFC Champions League 2) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল একই মরসুমে এএফসি টুর্নামেন্টে খেলছে।
রবিবার সাবাহ এফসি-র বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ঘানার (Ghana) অ্যাটাকিং মিডফিল্ডার অলিভিয়া আনোকিয়ে (Olivia Anokye) ও সৌম্যা গুগুলথ (Soumya Guguloth)। এই জয়ের ফলে প্রিলিমিনারি পর্বে সব ম্যাচেই জয় পেয়ে গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্বে জায়গা করে নিল মশাল গার্লস। এবারের মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া আনোকিয়ে ইতিমধ্যেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। প্রিলিমিনারি পর্বে তাঁর গোলসংখ্যা দাঁড়াল চার। এর মধ্যে রোভার্স এফসির বিরুদ্ধে আগের ম্যাচেই তিনি জোড়া গোল করেছিলেন। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh) রাজশাহী স্টারসকে (Rajshahi Stars) ৪-০ উড়িয়ে দেয়। এরপর গুয়ামের (Guam) রোভার্স এফসি-কে (Rovers FC) ১২-০ উড়িয়ে দেয়। ফলে শেষ ম্যাচের আগে তারাই গ্রুপের শীর্ষে ছিল। সাবাহও সহজ প্রতিপক্ষ ছিল না। তারা রোভার্সকে ১৩-০ এবং রাজশাহী স্টারসকে ২-১ হারিয়ে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। শেষ পর্যন্ত সাবাহকে হারিয়ে ইস্টবেঙ্গল টানা দ্বিতীয়বারের মতো এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করল।
গত মরসুমেও এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্ব পেরিয়েছিল ইস্টবেঙ্গল। কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে হারানোর পাশাপাশি হংকংয়ের কিটচির সঙ্গে ড্র করেছিল তারা। গ্রুপ পর্বে ইরানের বাম খাতুনকে হারালেও চিনের উহান জিয়াগদা ও উজবেকিস্তানের নাসাফের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। এবার ভালো ফলের লক্ষ্যে লাল-হলুদের মহিলা ব্রিগেড।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।