
Indian Super League 2026: ২০২৪ সালে সুপার কাপ (AIFF Super Cup 2023-24) জিতে সর্বভারতীয় ট্রফির খরা কাটিয়েছিলেন। আইএসএল-এও সাফল্যের স্বপ্ন দেখেছিলেন, দেখিয়েছিলেন। কিন্তু পরপর ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল। কলকাতা ছাড়লেও, এখনও ইস্টবেঙ্গলের (East Bengal FC) সব খবর রাখেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। এবার লেসলি ক্লডিয়াস সরণিতে আইএসএল ট্রফি আসায় খুশি প্রাক্তন কোচ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পুরনো ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছিলেন কুয়াদ্রাত। এখনও অনেক সমর্থক তাঁর দল ছাড়া নিয়ে আক্ষেপ করেন। এই স্প্যানিশ কোচ বুঝিয়ে দিয়েছেন, তিনিও ইস্টবেঙ্গল সমর্থকদের ভুলতে পারেননি। পরিস্থিতির চাপে দল ছাড়তে হলেও, সাফল্য আসায় খুশি এই কোচ।
ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনন্দন জানিয়ে 'এক্স' হ্যান্ডলে কুয়াদ্রাত লিখেছেন, ‘লিগ ট্রফি জেতায় ইস্টবেঙ্গলকে অভিনন্দন। সমর্থকদের জন্য আমি খুব খুশি। দীর্ঘদিন পর সাফল্য পেল দল। আমার অনেক বন্ধু ও সহকর্মীদের ট্রফি জয় করতে দেখে আমি খুব খুশি। আমি যে ক্লাবগুলিতে কাজ করেছি, গত কয়েক সপ্তাহে সেই ক্লাবগুলি ট্রফি জিতেছে। ডেনমার্কে (Denmark) কাপ জিতেছে মিডটিল্যান্ড (Midtjylland)। গালাতাসারে (Galatasary) ও বার্সেলোনাও (Barcelona) লিগ জিতেছে।’
ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ এখন ফিলিপিন্সের (Philippines) জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন। তিনি ভারতে একাধিক ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন। ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) হয়েও সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি ভারতে ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আগামী মরসুমে ভারতীয় ফুটবল কীভাবে চলবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে এবারের আইএসএল শেষ হওয়ার পর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবিষ্যতে ভারতীয় ফুটবল যদি ভালোভাবে চলে, তাহলে কলকাতায় ফিরতেও পারেন কুয়াদ্রাত। তিনি যদি ইস্টবেঙ্গলে ফেরেন, তাহলে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করতে চাইবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।