Oscar Bruzon: ইস্টবেঙ্গলের (East Bengal FC) ইতিহাসে প্রথম কোচ হিসেবে আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হয়েছেন অস্কার ব্রুজোঁ। তিনি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন, চলতি মাসের পরেই ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষ। তবে এখন পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্কার। ফলে তিনি দলের সঙ্গে থেকে যেতে পারেন বলে আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা।
KNOW
East Bengal FC: 'ইস্টবেঙ্গল ছাড়ছেন না এখানেই থাকছেন?' ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক বৈঠকে প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দিকে এই প্রশ্ন ধেয়ে গেল। কারণ, অস্কার নিজেই কয়েকদিন আগে বলেছিলেন, ৩১ মে-র পর আর ইস্টবেঙ্গলে থাকছেন না। শোনা যাচ্ছে, তিনি বিদেশের কোনও ক্লাবের প্রস্তাব গ্রহণ করছেন। কিন্তু দল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দের মুহূর্তে অস্কার বললেন, 'জুন পর্যন্ত আমার হাতে সময় আছে। ম্যানেজমেন্ট যদি ভালো কোনও প্রস্তাব দেয়, তাহলে আমি সেই প্রস্তাব গ্রহণ করতে পারি। কিন্তু ম্যানেজমেন্ট যদি প্রস্তাব না দেয়, তাহলে কিছু করার নেই।' অস্কার বুঝিয়ে দিলেন, ভালো প্রস্তাব পেলে তিনি কলকাতা ছাড়বেন না।

দলের সবাইকে কৃতিত্ব দিচ্ছেন অস্কার
খেতাব জেতার পর সাংবাদিক বৈঠকে সহকারী কোচ, গোলকিপার কোচ-সহ সাপোর্ট স্টাফদের নিয়ে হাজির হন অস্কার। তিনি দলের সবাইকে এই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন। সব সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, ফুটবলার, ক্লাবের কর্মকর্তা, সমর্থকদের কথা উল্লেখ করেছেন লাল-হলুদ ব্রিগেডের প্রধান কোচ। তাঁর পাশে বসেছিলেন ইন্টার কাশীর (Inter Kashi FC) বিরুদ্ধে জয়সূচক গোল করা মহম্মদ বাসিম রশিদ (Mohammed Bassim Ahmed Rashid)। তিনি সুপার কাপ (AIFF Super Cup 2025-26) ফাইনালে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে টাইব্রেকারে গোল করতে পারেননি। ফলে হেরে যায় দল। সে কথা উল্লেখ করে অস্কার বলেন, 'আমাদের দল ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা ওঠা-নামার মধ্যে দিয়ে গিয়েছি। নিজেদের ভুল শুধরে নিয়েছি। দলের সবাই লড়াই করেছে। তার ফলেই সাফল্য এল।'
ফের প্রাক্তনদের একাংশকে নিশানা অস্কারের
ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন প্রাক্তন ফুটবলারকে ফের আক্রমণ করেছেন অস্কার। তিনি বলেছেন, 'যারা ক্লাবের ভালো চায় না, ক্ষতি করতে চায়, তাদের আজ যন্ত্রণা হচ্ছে। ওরা কাঁদতে থাকুক। আমাদের তাতে কিছু এসে যায় না।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


