
FC Goa: কুয়েতে শেষ হল এফসি গোয়ার সফর। এএফসি চ্যালেঞ্জ লিগে কাদসিয়া এসসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিল এফসি গোয়া (FC Goa)। এই হারের ফলে, গ্রুপে তিন নম্বরে শেষ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। অন্যদিকে, টানা তিনটি জয়ের ফলে, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কাদসিয়া। এফসি গোয়া শুক্রবার, কুয়েতের হাওয়ালি শহরের মহম্মদ আল হামাদ স্টেডিয়ামে, এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৬-২৭-এর গ্রুপ সি-র শেষ ম্যাচে আয়োজক কাদসিয়া এসসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়েছে। তারা টুর্নামেন্টে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করেছে। গোয়া একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি-কে হারিয়ে। এর আগে প্রথম ম্যাচে, তারা তাজিকিস্তানের এফসি রেগার-তাদাজের কাছেও হেরে যায় তারা। এএফসি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কাদসিয়া টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকে এশিয়ার তৃতীয় স্তরের এই ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।
কুয়েতের ক্লাবটি ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায়। রাশেদ আল দোসারির ক্রসে ডাইভিং হেডার দিয়ে গোল করেন হামজা খাব্বা। গোয়া এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও উপযুক্ত সুযোগ তৈরি করতে পারছিল না। মালসাওমসাঙ্গা কেসি-র একটি শট বক্সের বাঁদিক থেকে বারের ওপর দিয়ে উড়ে যায়। খাব্বা ১৬ মিনিটে, ফের গোয়ার রক্ষণে ভয় ধরিয়ে দেন। বাদের আল মুতাওয়ার পাস থেকে তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। তবে খেলার ২১ মিনিটে, আবারও সমতায ফেরায় গোয়া। অ্যালেক্স জালায়ার হেড কর্নার থেকে বক্সের ভিতর পেয়ে যান চিকি। তিনি কাছ থেকে হেডে গোল করতে কোনও ভুল করেননি। এরপর দুই দলই দ্বিতীয় গোলের জন্য ঝাঁপায়। কাদসিয়ার আল মুতাওয়ার একটি শট আটকে যায়। অন্যদিকে মহম্মদ নেমিলের কর্নার থেকে গোয়ার অধিনায়ক সন্দেশ ঝিঙ্গানের হেডও বাইরে চলে যায়।
বিরতির পর, কাদসিয়া আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৪৯ মিনিটে, ফের লিড নেয়। খাব্বা বক্সের বাইরে আল মুতাওয়ার সঙ্গে পাস খেলে বাঁকানো শটে দুর্দান্ত গোল করেন। কুয়েতের দলটি ৬৫ মিনিটে, ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল। আয়ুব লাখদার খাব্বার বাড়ানো বল বক্সে পেয়ে যান। কিন্তু গোয়ার গোলরক্ষক লারা শর্মাকে এগিয়ে আসতে দেখে তিনি শট নিলেও তা বারের ওপর দিয়ে উড়ে যায়। গোয়া ৮০ মিনিটে, আরও একবার বেঁচে যায়। লাখদার দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন, কিন্তু বল ডানদিকের পোস্টে লেগে ফিরে আসে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।