
FIFA President Gianni Infantino: বিশ্বকাপ ফুটবল চলাকালীন (FIFA World Cup 2026) ফিফার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছিল উয়েফা (UEFA)। এবার একজোট হয়ে প্রতিবাদ জানাল এশিয়ান ফুটবল কনফেডারেশন (Asian Football Confederation) ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ (CONCACAF)। বিশ্ব ফুটবলের বাণিজ্যিক কাঠামোতে বেসরকারি বিনিয়োগকারী সংস্থাকে যুক্ত করার বিষয়ে ফিফা যে পরিকল্পনা করছে, তার বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। ইউরোপ, এশিয়া এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা ফিফার প্রস্তাবের বিরোধিতা করেছে। ফুটবল সংস্থাগুলির মতে, ফিফার প্রস্তাব বাস্তবায়িত হলে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলি পরিচালনার পদ্ধতিতেই মৌলিক পরিবর্তন আসতে পারে। ফিফার সদস্য ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে তিনটি ইতিমধ্যেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। এএফসি-ও গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে। কনকাকাফ এই প্রস্তাবের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও যথাযথ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে প্রস্তাবিত একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান। এটি সম্পূর্ণ ফিফার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হবে, যার অধীনে সংস্থার সব বাণিজ্যিক অধিকার ও বড় টুর্নামেন্ট আয়োজনের কার্যক্রম পরিচালিত হবে। ফিফার দাবি, এফএফই-এর সম্ভাব্য মূল্য হতে পারে ২০ বিলিয়ন মার্কিন ডলার। এর সংখ্যালঘু এবং নিয়ন্ত্রণহীন শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হবে। তবে ফিফা জোর দিয়ে বলেছে, প্রতিষ্ঠানটির উপর নিয়ন্ত্রণ এবং ফুটবলের শাসনব্যবস্থা, প্রতিযোগিতা পরিচালনা ও খেলাসংক্রান্ত সব সিদ্ধান্তের ক্ষমতা তাদের হাতেই থাকবে। কিন্তু মহাদেশীয় কনফেডারেশনগুলির আপত্তি শুধু অর্থ নিয়ে নয়, বরং পুরো প্রস্তাবটি যেভাবে সামনে আনা হয়েছে, সেটিই তাদের প্রধান উদ্বেগের বিষয়। এই কারণেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (Gianni Infantino) বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।
ফিফার প্রস্তাব নিয়ে ক্ষোভপ্রকাশ করে এএফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব ফুটবলের উন্নয়ন, প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন ও উদ্ভাবনী উদ্যোগের প্রতি এএফসি সবসময়ই ইতিবাচক ছিল।’ তবে এএফসি স্পষ্ট করে দিয়েছে, উদ্ভাবনের নামে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের প্রক্রিয়া উপেক্ষা করা চলবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।