
FIFA World Cup 2026 Tickets: বিশ্বকাপ ফুটবলের টিকিট নিয়ে দুর্নীতি! ফিফার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। অনেক ফুটবলপ্রেমীই সোশ্যাল মিডিয়ায় ফিফার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তাঁদের দাবি, ফিফা চুপিসারে টিকিটের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। নতুন করে দামী টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, যাঁরা ইতিমধ্যেই টিকিট কিনেছেন, গ্যালারিতে তাঁদের যেখানে বসার কথা ছিল, তার বদলে অন্য আসনে বসার ব্যবস্থা করা হচ্ছে। ১২ জুন ক্যালিফোর্নিয়ার (California) ইনগেলউডে (Inglewood) প্যারাগুয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA vs Paraguay) প্রথম ম্যাচের জন্য ফ্রন্ট ক্যাটিগরি ওয়ান টিকিট বিক্রি করা হচ্ছে ৪,১০৫ মার্কিন ডলার করে। কয়েকদিন আগেই এই ম্যাচের সবচেয়ে বেশি দামের টিকিট ছিল ২,৭৩৫ মার্কিন ডলার। হঠাৎ টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণাও করা হয়নি। এই কারণেই ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ।
বিশ্বকাপ ফুটবলের জন্য শুধু ফ্রন্ট ক্যাটিগরির টিকিটের দামই বাড়ানো হয়নি, নতুন করে ফ্রন্ট ক্যাটিগরি টু টিকিট বিক্রি শুরু হয়েছে। এই ক্যাটিগরির টিকিটের দাম ১,৯৪০ মার্কিন ডলার থেকে ২,৩৩০ মার্কিন ডলার। ফিফার টিকিটিং পোর্টালের এই নতুন ক্যাটিগরির টিকিট পাওয়া যাচ্ছে। এই ক্যাটিগরির টিকিটের বিষয়েও আগে কোনও ঘোষণা করেনি ফিফা। এরপর নতুন করে আর টিকিটের দাম বাড়ানো হয় কি না, সেদিকে তাকিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
এবার বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকো (Mexico) ও কানাডার (Canada) মোট ১৬ শহরে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি খরচ হতে চলেছে। এরই মধ্যে টিকিট বিক্রির ক্ষেত্রে অন্যায়ের অভিযোগ উঠেছে। ফলে অন্যবারের মতো বিশ্বকাপে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের দেখা যাবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। ফিফা অবিলম্বে টিকিট বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ্বতা আনতে না পারলে ফুটবলপ্রেমীদের ক্ষোভ দূর করা যাবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।