
France Head Coach Didier Deschamps: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন মাতৃহারা হলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরে গিয়েছেন। মায়ের শেষকৃত্য সম্পন্ন করা এবং এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার জন্য তিনি দল ছেড়ে দেশে ফিরেছেন। ফ্রান্সের ফুটবল সংস্থা (French Football Federation) প্রধান কোচকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। বিশ্বকাপ চললেও, পরিবারের কথা ভেবেই দেশঁকে ছুটি দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে সাপোর্ট স্টাফরা আপাতত দল সামলাচ্ছেন। ইতিমধ্যেই নক-আউটের যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। নক-আউটের ম্যাচের আগে আবার দলে যোগ দেবেন দেশঁ। আপাতত কয়েকদিন তিনি পরিবারের সঙ্গেই থাকবেন।
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে গ্রুপ আই-এর শেষ ম্যাচে নরওয়ের (France vs Norway) মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই দুই দলই চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করেছে। যে দল এই ম্যাচে জয় পাবে, তারাই গ্রুপের শীর্ষে থাকবে। ফলে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ না থাকলেও, দলের সবাই নরওয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য তৈরি। এমবাপেরা ছন্দেই আছেন। শুধু সেই ছন্দ ধরে রাখতে হবে। তাহলেই গ্রুপের শীর্ষে থাকতে পারে ফ্রান্স।
ফরাসি ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশঁ আপাতত না থাকায় তাঁর পরিবর্তে দলের দায়িত্বে থাকছেন সহকারী কোচ গাই স্টেফান (Guy Stephan)। ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ফিলিপে ডিয়ালো এখন দলের সঙ্গেই আছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে ফুটবল সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে সহকারী কোচকে দায়িত্ব দিয়ে দেশে ফেরার উড়ান ধরেছেন দেশঁ। তিনি মায়ের শেষকৃত্য সম্পন্ন করে যত দ্রুত সম্ভব ফের দলে যোগ দেবেন। কোচের এই কয়েকদিন না থাকা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশায় ফরাসি শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।