FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার বজ্রবিজ্যুতের জেরে কোনও ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গেল। ফিলাডেলফিয়ায় (Philadelphia) ফ্রান্স বনাম ইরাক (France vs Iraq) ম্যাচে এই ঘটনা দেখা গেল। ফুটবলার, রেফারিদের সুরক্ষার কথা ভেবেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়ার উন্নতি হওয়ার পর ফের শুরু হয় খেলা।

DID YOU
KNOW
?
মেসির পরেই এমবাপে
১৮ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ১৬ গোল করে তাঁর ঠিক পরেই আছেন কিলিয়ান এমবাপে।

FIFA World Cup 2026 Updates: আবহাওয়ার জন্য বন্ধ ফুটবল ম্যাচ! সারা বিশ্বে এই ঘটনা বিরল। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই ঘটনা অতীতে কখনও ঘটেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে (Philadelphia Stadium) ফ্রান্স বনাম ইরাক (France vs Iraq) ম্যাচে ঠিক সেটাই হল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর বজ্রবিদ্যুতের জেরে খেলা বন্ধ করে দেওয়া হয়। মাঠে বজ্রপাতের ফলে ফুটবলার, রেফারি-সহ প্রত্যেকেরই বিপদের আশঙ্কা ছিল। এই কারণেই খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটবলার, রেফারিরা ড্রেসিংরুমে ফিরে যান। দর্শকদের খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়। দু'ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে খেলা। তারপর আবহাওয়ার উন্নতি হতে ফের শুরু হয় খেলা। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর আরও দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় ফরাসিরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেসির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি এমবাপে

ইরাকের বিরুদ্ধে এই ম্যাচে জোড়া গোল করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ২৭ বছর বয়সি এই স্ট্রাইকার ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন। এরপর ৫৪ মিনিটে তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান উসমানে ডেম্বেলে (Ousmane Dembélé)। বিশ্বকাপ ফুটবলে এমবাপের ১৬ গোল হয়ে গেল। কয়েক ঘণ্টা আগেই ১৮ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন এমবাপে। পিএসজি-র (PSG) দুই প্রাক্তন সতীর্থের মধ্যে বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা হওয়ার লড়াই চলছে।

নক-আউটে ফ্রান্স

ইরাকের বিরুদ্ধে এই ম্যাচ জিতে চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গেল ফ্রান্স। দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছেন এমবাপেরা। প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় ছিটকে যাওয়ার মুখে ইরাক। গ্রুপ আই থেকে ফ্রান্সের পাশাপাশি নক-আউটের যোগ্যতা অর্জনের পথে নরওয়ে (Norway)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।