
Brazil vs Scotland: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ সি-তে ব্রাজিলের তৃতীয় তথা শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে কি খেলার সুযোগ পাবেন নেইমার (Neymar)? ম্যাচের আগে এ বিষয়ে কিছু বলতে চাননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তিনি জানিয়েছেন, কাফ মাসলের চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন এই স্ট্রাইকার। তিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে থাকবেন। কিন্তু মাঠে নামার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অ্যান্সেলোত্তি। তিনি ম্যাচের আগে বলেছেন, ‘নেইমার খেলার মতো অবস্থায় আছে। ও এই সপ্তাহে অনুশীলনে অনেক পরিশ্রম করেছে। ওকে এই ম্যাচে পাওয়া যাবে। ও দলে ফেরায় আমরা সবাই খুব খুশি। কারণ, ও একজন দক্ষ ফুটবলার। ও দলকে সাহায্য করতে পারবে।’
নেইমার সম্পর্কে অ্যান্সেলোত্তি আরও বলেছেন, ‘ও ৯০ মিনিটই খেলতে পারবে, তবে হেঁটে হেঁটে। তবে ও ফিট হয়ে উঠেছে। ও অনেক পরিশ্রম করেছে। ও খুব ভালোভাবে অনুশীলন করেছে। আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও ফিট হয়ে ওঠার ব্যাপারে খুব চেষ্টা করেছে। যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠার চেষ্টা করেছে। ওকে দেখে আমি খুব খুশি হয়েছি। ও যদি না-ও খেলে, তাহলেও অভিজ্ঞতার মাধ্যমে দলকে সাহায্য করতে পারে। ও তরুণ খেলোয়াড়দের সাহায্য করে। ও দলের সবার সঙ্গে খুব ভালোভাবে আছে।’ ব্রাজিলের প্রধান কোচের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, নেইমারকে প্রথম একাদশে রাখা হবে না। পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ দেওয়া হতে পারে।
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ সি-র শীর্ষে থাকা ব্রাজিল এবং দ্বিতীয় স্থানে থাকা মরক্কো (Morocco) দুই ম্যাচ খেলে চার পয়েন্ট করে পেয়েছে। তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ড দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়েছে। ফলে গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে স্কটিশদের বিরুদ্ধে ব্রাজিলকে জয় পেতেই হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।