
France vs Morocco Match: কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে হারিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। ম্যাচের ফল ২-০। প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে ফ্রান্সের গতি, দক্ষতা ও অভিজ্ঞতার কাছে পরাস্ত হল মরক্কো। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও, ৬০ মিনিটে প্রথম গোল করে ফরাসিদের এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। এরপর ছয় মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান উসমানে ডেম্বেলে (Ousmane Dembélé)। এই ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখান মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো (Yassine Bounou)। তিনি বেশ কয়েকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। না হলে ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ত। তবে দিনের শেষে ফরাসিরাই হাসিমুখে মাঠ ছাড়ল। এমবাপেরা এবার টানা তৃতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছনোর স্বপ্ন দেখছেন।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এবং চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে এমবাপের লড়াই চলছে। বিশ্বকাপের ইতিহাসে মোট ২০ গোল করে মেসিকে তাড়া করছেন ফরাসি অধিনায়ক। মরক্কোর বিরুদ্ধে এই গোল চলতি বিশ্বকাপ ফুটবলে তাঁর অষ্টম গোল। মেসিও চলতি বিশ্বকাপে আট গোল করেছেন। এই দুই তারকার লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। মেসির মতোই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপে। না হলে এই দুই তারকারই গোলের সংখ্যা বাড়ত।
চলতি বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিল মরক্কো। কিন্তু আশরফ হাকিমিদের (Achraf Hakimi) পক্ষে ফ্রান্সকে টেক্কা দেওয়া সম্ভব হল না। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ফরাসিদের দাপট দেখা গেল। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নক-আউট পর্যায়ে গিয়েই বড় দলগুলি আসল খেলা দেখায়। এই ম্যাচে ফ্রান্স যে ফুটবল খেলল, তাতে তাদের চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে। সেমি-ফাইনালের লড়াই মোটেই সহজ হবে না। তবে যে দলই সামনে আসুক না কেন, এমবাপেরা লড়াই করতে তৈরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।