
Revolt against FIFA president Gianni Infantino: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) বাণিজ্যিক মূল্যকে কেন্দ্র করে অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে ফিফার অন্দরের সংঘাত এবার বড়সড় প্রশাসনিক সংকটে পরিণত হয়েছে। ফিফার নেতৃত্বের বিরুদ্ধে ফুটবল বিশ্বের বিশ্বাসভঙ্গ করার অভিযোগ তুলেছে ইউরোপে ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা (UEFA), এশিয়ান ফুটবল কনফেডারেশন (Asian Football Confederation) এবং উত্তর ও মধ্য আমেরিকায় ফুটবলের নিয়ামক সংস্থ কনকাকাফ (CONCACAF)। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে তিন কনফেডারেশন। সোমবার প্রকাশিত এক যৌথ খোলা চিঠিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এবং তাঁর প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। ফিফার পক্ষ থেকে বিতর্কটিকে শুধুমাত্র ‘বোঝাপড়ার অভাব’ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টাও মেনে নেয়নি তারা।
ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিন কনফেডারেশনের দাবি, ঘটনাটি শুধু বোঝাপড়ার অভাব নয়। বরং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্তরে কীভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। চিঠিতে বলা হয়েছে, ‘বিষয়টি আরও মৌলিক। এটি খেলার সততা এবং যারা খেলার নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের সততার সঙ্গে সম্পর্কিত।’ ঘটনাটি নিয়ে ফিফা যে অভ্যন্তরীণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে, তাতেও আপত্তি জানিয়েছে তিন কনফেডারেশন। তাদের দাবি, পুরো তদন্তই একজন সম্পূর্ণ স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে করা উচিত।
বিতর্কিত প্রস্তাবটি ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছে ফিফা। কিন্তু তাতে সমস্যা মেটেনি। বরং বিশ্ব ফুটবলের প্রশাসন এবং ইনফ্যান্তিনোর নেতৃত্ব নিয়ে সরাসরি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিতর্কের সূত্রপাত ফিফার নতুন বাণিজ্যিক সংস্থা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (FIFA Forward Enterprise) তৈরির পরিকল্পনা নিয়ে। এই সংস্থার মাধ্যমে বিশ্বকাপ-সহ ফিফার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক মূল্য থেকে বাইরের বিনিয়োগকারীদের একটি সংখ্যালঘু অংশীদারিত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তিন কনফেডারেশনের অভিযোগ, অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রস্তাবটি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফিফার সদস্য দেশগুলিকেও বিস্তারিত বিষয়গুলি পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তাদের মতে, পুরো প্রক্রিয়াটিই এমনভাবে সাজানো হয়েছিল যাতে প্রস্তাবটি নিয়ে যথাযথভাবে আলোচনা বা পর্যালোচনা করা সম্ভব না হয়। তাদের বক্তব্য, এই ঘটনায় ফিফার প্রশাসনিক কাঠামো, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব প্রয়োজন। তাই একটি স্বাধীন তদন্তের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।