
India vs Pakistan Boxing: 'নরেন্দ্র' নাম শুনেই ঘৃণা! ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়ালকে (Indian boxer Narender Berwal) সে কথাই বলেছিলেন পাকিস্তানের এক বক্সার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে আলাপচারিতার সময় সে কথা জানান এই বক্সার। ২০১৫ সালে বিশ্ব মিলিটারি গেমসের (2015 World Military Games) সময় এই ঘটনা ঘটে। নরেন্দ্র জানিয়েছেন, 'আমার প্রথম রাউন্ডের ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেনাবাহিনী থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল, পাকিস্তানি প্রতিপক্ষের কাছে হারা যাবে না। আমি সেই লড়াই জিতেছিলাম। তবে ম্যাচে আমাদের দু’জনেরই কেটে গিয়েছিল এবং সেলাই করাতে হাসপাতালে যেতে হয়েছিল। পাকিস্তানি প্রতিপক্ষ আমাকে বলেন, তোমার নাম নরেন্দ্র, তোমার কোচের নাম নরেন্দ্র, তোমাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। আমি এখন নরেন্দ্র নামটাকেই ঘৃণা করি।' সে কথা শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী।
গ্লাসগোয় এবারের কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games in Glasgow) পুরুষদের ৯০ কেজির বেশি ওজনের বিভাগে রুপোজয়ী নরেন্দ্র রবিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আলাপচারিতার সময় ওই ঘটনার কথা তুলে ধরেন। গ্লাসগো কমনওয়েলথ গেমস ভারতের বক্সাররা সাফল্যের রেকর্ড গড়েছেন। এই সাফল্য পাওয়ার পর প্রধানমন্ত্রীর আলাপচারিতার সময় এই মজার ঘটনাটি সামনে আসে। এবারের কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সাররা মোট ১০টি পদক জিতেছেন। এর মধ্যে আছে সাতটি সোনা ও তিনটি রুপো। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে এটাই ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। এর আগে কমনওয়েলথ গেমসের কোনও এক সংস্করণে ভারতী বক্সারদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ছ’টি পদক। গ্লাসগোয় অঙ্কুশ পাঙ্গাল, সচিন সিওয়াচ, জেসমিন লাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী এবং প্রিয়া ঘাংহাস সোনা জেতেন। অন্যদিকে নরেন্দ্র, লাভলিনা বর্গোহাঁই ও যাদুমণি সিং রুপো জেতেন।
ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার নরেন্দ্রর ঝুলিতে রয়েছে ২০২৩ এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকও। এছাড়াও তিনি দু’বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। গ্লাসগোয় তাঁর রুপো ভারতের বক্সিং দলের দুর্দান্ত সাফল্যকে আরও সমৃদ্ধ করে। সামগ্রিকভাবে এবারের কমনওয়েলথ গেমসে ভারত ৩৯টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছে। এর মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। ১১ দিনের প্রতিযোগিতা শেষে গ্লাসগো কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়। অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসের পতাকা ও আনুষ্ঠানিক ব্যাটন ভারতের হাতে তুলে দেওয়া হয়। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আমেদাবাদে পরবর্তী আসর বসবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।