Gokulam Kerala FC: ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৬-২৭ মরশুমে কার্যত, দুর্দান্ত পারফরম্যান্স গোকুলাম কেরালা এফসি-র। কেরালার এই ঐতিহ্যবাহী ক্লাবের কাছে সমর্থকদের প্রত্যাশা বরাবরই বেশি থাকে (Gokulam Kerala FC)। আর দেশের এই সর্বোচ্চ ফুটবল লিগের মঞ্চে নিজেদের শক্তি প্রমাণ করা, ধারাবাহিকভাবে পয়েন্ট সংগ্রহ এবং শীর্ষস্থানের লড়াইয়ে টিকে থাকা, এই তিন লক্ষ্য নিয়েই চলতি মরশুমে অভিযান শুরু করেছে গোকুলাম। নিঃসন্দেহে দুরন্ত ছন্দে রয়েছে তারা। প্রথম ম্যাচে, সামালেশ্বরী এসসি-র বিরুদ্ধে ৩-২ গোলে জয় এবং এরপর রাজস্থান ইউনাইটেডকে ১-০ গোলে হারায় তারা। এমনকি, নাগাল্যান্ড ইউনাইটেডও ২-১ গোলে পরাজিত হয় গোকুলামের বিরুদ্ধে। ফলে, টানা তিনটি ম্যাচে জয় তুলে নেয় কেরালার এই ক্লাবটি (Gokulam Kerala FC News)।
সেখানেই শেষ নয়। তারপর কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আরও বড় জয়। ৪-১ গোলে ম্যাচটি জিতে নিজেদের শক্তির পরিচয় দেয় তারা। এই ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্রিসলান হেনরিক। এছাড়াও গোল করেন জবি জাস্টিন এবং অধিনায়ক শিকিল এন এস। এক্ষেত্রে অবশ্যই দলের কোচ কার্লোস এদুয়ার্দো পেরেইরার প্রশংসা করতেই হয়। গোটা দলকে নিয়ে তিনি সঠিকভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন এবং তার ফলও মিলছে হাতেনাতে। তিনি বারবার একটা কথাই বলেছেন, “আমরা সবার আগে নিজেদের দল নিয়ে ভাবতে চাই। ছেলেরা অনেক পরিশ্রম করছে এবং আমি জানি, প্রত্যেকে আত্মবিশ্বাসী। প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই জেতা ছাড়া আমরা আর কিছুই ভাবছি না। গোটা দল নিজেদের ফোকাস ধরে রেখেছে।"
আক্ষরিক অর্থেই, খুব ভালো কম্বিনেশন গড়ে উঠেছে ফুটবলারদের মধ্যে। চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়েছে গোকুলাম কেরালা এফসি। এখনও অবধি চলতি লিগে তারা অপরাজিত। ক্ষুরধার আক্রমণ, গোল করার দক্ষতা এবং রক্ষণভাগের সংগঠিত পারফরম্যান্স, সবমিলিয়ে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। বিশেষ করে, ক্রিসলানের গোল করার ধারাবাহিকতা প্রতিপক্ষের কাছে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই কথাও ঠিক যে, লিগের লড়াই এখনও অনেকটাই বাকি। আপাতত ২০২৬-২৭ মরশুমে, নজরকাড়া ফুটবলই উপহার দিচ্ছে গোকুলাম কেরালা এফসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।