
England Football Team: চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা (England vs Argentina) ম্যাচের আগে কি সত্যিই ইংল্যান্ড দলে দ্বন্দ্ব শুরু হয়েছে? প্রধান কোচ টমাস তুচেল (Thomas Tuchel) এবং তারকা স্ট্রাইকার জুড বেলিংহ্যামের (Jude Bellingham) পরস্পর-বিরোধী মন্তব্যে এই জল্পনা শুরু হয়েছে। কোয়ার্টার-ফাইনালে নরওয়ের (Norway) বিরুদ্ধে ম্যাচের পর প্রকাশ্যে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ডের জার্মান (German) কোচ। তিনি দাবি করেন, দলের খেলায় শৈথিল্য ছিল। ভাগ্যের জোরে জয় এসেছে। জোড়া গোল করা বেলিংহ্যাম পাল্টা বলেন, ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কীভাবে খেলতে হয়, সে বিষয়ে কোচের কোনও ধারণাই নেই। দলের ইতিবাচক পরিবেশ বজায় রাখা উচিত বলেও দাবি করেন এই স্ট্রাইকার। তবে ইংল্যান্ডের প্রধান কোচ ও তারকা স্ট্রাইকারের এই পরস্পর-বিরোধী মন্তব্যের পর দলের পরিবেশ ইতিবাচক থাকবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে ফাটল ধরার খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। তিনি দাবি করেছেন, দলে কোনও বিভাজন তৈরি হয়নি। সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমকে দলে ভাঙন ধরানোর চেষ্টা প্রতিহত করার আর্জি জানিয়েছেন কেন। তাঁর কথায়, ‘গত ম্যাচের পর কোচ যে কথা বলেছেন, তা আমি বুঝতে পারছি। যারা মাঠে খেলছে, তারাই পরিস্থিতি সবচেয়ে ভালো জানে। আমরা কখন ভালো খেলছি আর কখন খারাপ খেলছি, তা আমরাই সবচেয়ে ভালো জানি। এটা ফুটবলের অঙ্গ। বস কী বলতে চেয়েছেন, সেটা আমরা বুঝতে পারছি।’
২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে শেষবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে পেনাল্টি থেকে ডেভিড বেকহ্যামের (David Beckham) করা একমাত্র গোলে জয় পায় ইংল্যান্ড। এবারও সেই ফলের পুনরাবৃত্তির আশায় ইংল্যান্ড শিবির। সেমি-ফাইনালের আগে আত্মবিশ্বাসী কেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।