FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (Argentina vs England)। ঐতিহাসিকভাবে এই দুই দলের লড়াই বরাবরই অত্যন্ত উত্তেজক হয়ে উঠেছে। মাঠের বাইরের ঘটনার প্রভাব পড়েছে ম্যাচে। এই কারণে এবারের বিশ্বকাপ সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।
KNOW
Argentina vs England Head-to-head: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ২৪ বছর পর ফের আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই হতে চলেছে। ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে শেষবার এই দুই দলের ম্যাচ হয়েছিল। ২০০২ সালের ৭ জুন গ্রুপের ম্যাচে প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে ডেভিড বেকহ্যামের (David Beckham) করা একমাত্র গোলে জয় পায় ইংল্যান্ড। তারপর থেকে গত ২৪ বছরে বিশ্বকাপে আর এই দুই দলের সাক্ষাৎ হয়নি। এবার সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়ছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামবেন লিওনেল মেসিরা (Lionel Messi)। অন্যদিকে, ১৯৬৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে হ্যারি কেনরা (Harry Kane)।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত পাঁচবার আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই হয়েছে। তিন ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। একবারই ৯০ মিনিটের মধ্যে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচ ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল। জোড়া গোল করেছিলেন প্রয়াত দিয়েগো মারাদোনা (Diego Maradona)। ১৯৯৮ সালের বিশ্বকাপে নির্ধারিত সময়ে খেলা ২-২ শেষ হয়েছিল। তারপর টাইব্রেকারে ৪-৩ জয় পায় আর্জেন্টিনা। সবমিলিয়ে এখনও পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয় ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। দুই ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। পাঁচ ম্যাচ ড্র হয়েছে। ইংল্যান্ড ২১ গোল করেছে এবং আর্জেন্টিনা ১৫ গোল করেছে। ফলে মানসিকভাবে এগিয়ে থেকে খেলতে নামছে ইংল্যান্ড।
রেকর্ড নিয়ে ভাবছেন না আর্জেন্টিনার কোচ
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) বলেছেন, ‘এটা শুধু একটা ফুটবল ম্যাচ। আমি শুধু এটাই বলতে চাই। আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব। ওদের দলের কোচ খুব ভালো।’ স্কালোনি আরও বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে হলে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি নন স্কালোনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


