
Harsh Dubey: রঞ্জি ট্রফিতে সাড়া জাগানো স্পেল করলেন বিদর্ভের তারকা স্পিনার হর্ষ দুবে। সোমবার নাগপুরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে মধ্যপ্রদেশের প্রথম ইনিংসের ৯টি উইকেট তুলে নিলেন দেশের হয়ে দুটি ওয়ানডে খেলা হর্ষ দুবে। প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ অল আউট হল ২০৯ রানে, হর্ষের বোলিং হিসেব দাঁড়ায় ২৩.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে ৯টি উইকেট। দিনের ষষ্ঠ ওভারে ওপেনার যশ দুবে-কে আউট করে মধ্যপ্রদেশের ইনিংসের প্রথম উইকেটটি তুলে নেন বির্দভের পেসার নচিকেত ভুতে।
এরপর মধ্যপ্রদেশের ইনিংসের বাকি ৯জন ব্যাটারকে আউট করেন ২৪ বছরের স্পিনার হর্ষ। মধ্যপ্রদেশের তারকা ব্যাটার-অধিনায়ক রজত পাতিদার (২)-কেও দুরন্ত ডেলিভারিতে আউট করেন হর্ষ। মধ্যপ্রদেশের হয়ে সর্বোচ্চ রান করেন অর্থভ মহাজন (৮৫)। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে বিদর্ভ।
এদিকে রঞ্জি ট্রফিতে গ্রুপ সি-র অন্য ম্যাচে ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে বাংলা মাত্র ১৪৩ রানে অল আউট হয়ে গেল। টানা ৩টি ম্যাচে জয় পেয়ে ইডেনে খেলতে নেমে বাংলার ইনিংস এদিন তাসের ঘরের মত ভেঙে পড়ে। অভিষেক পোড়েল (৫৪) ও শেষের দিকে প্রদীপ্ত প্রামাণিক (৩১) ছাড়া বাংলার আর কোনও ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে ২ উইকেট হারায় মহারাষ্ট্র। অধিনায়ক পৃথ্বী শ (১২)-কে বোল্ড করে দেন মহম্মদ শামি। শামিই মহারাষ্ট্রের ইনিংসের দুটি উইকেট নিয়েছেন।