Premier League: অ্যানফিল্ডে আর্সেনালের ম্যাজিক, ওদিকে আবার সিটিকে হারাল ব্রাইটন

Published : Nov 02, 2026, 04:42 PM IST
Premier League: অ্যানফিল্ডে আর্সেনালের ম্যাজিক, ওদিকে আবার সিটিকে হারাল ব্রাইটন

সংক্ষিপ্ত

Premier League: আর্সেনাল অবশেষে অ্যানফিল্ডে ঐতিহাসিক জয় পেয়েছে। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমকে দিয়েছে ব্রাইটন। চেলসির হয়ে কোল পামার প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ৯ ম্যাচ জয়হীন থাকার হতাশা আরও বেড়েছে।

Premier League: প্রিমিয়ার লিগ গেমউইক ৯ একঝলকে। ২০২৬/২৭ প্রিমিয়ার লিগ মরশুমের নবম গেমউইক বেশ কিছু ঐতিহাসিক মুহূর্ত উপহার দিল। আর্সেনাল ২০১২ সালের পর, এই প্রথম অ্যানফিল্ডে জিতে ২৪ পয়েন্টে পৌঁছেছে (Premier League)। ব্রাইটন তাদের ইতিহাসে প্রথমবার ম্যাঞ্চেস্টার সিটিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে। কোল পামার চেলসির জার্সিতে প্রিমিয়ার লিগে নিজের ৫০তম গোলটি করে ফেলেছেন। আর সব টুর্নামেন্ট মিলিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টানা ৯ ম্যাচ জয়হীন রইল। নবম রাউন্ডের ম্যাচগুলোর কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও গল্প চলুন দেখে নেওয়া যাক।

আর্সেনাল ও হাভার্টজের রেকর্ড

অ্যানফিল্ডে আর্সেনালের খরা কাটল।আর্সেনাল ১-০ গোলে লিভারপুলকে হারিয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বরের পর যেকোনো টুর্নামেন্ট মিলিয়ে অ্যানফিল্ডে এটাই তাদের প্রথম জয়। এর আগে টানা ১৬ বার এখানে এসে তাদের খালি হাতে ফিরতে হয়েছিল। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট। ২০২২/২৩ মরশুমে আর্সেনাল নিজেই এই রেকর্ড গড়েছিল। তারপর থেকে লিগের এই পর্যায়ে এত পয়েন্ট আর কোনো দল পায়নি। মিকেল আর্তেতার কোচিংয়ে আর্সেনাল প্রথমে গোল করা ম্যাচগুলোর ৮১.১ শতাংশই জিতেছে। যেসব ম্যানেজারের দল ১০০ বা তার বেশিবার প্রথম গোল করেছে, তাদের মধ্যে কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন, পেপ গুয়ারদিওলা এবং হোসে মরিনহোর জয়ের হার এর চেয়ে বেশি।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা জার্মান এখন হাভার্টজ

কাই হাভার্টজ এই ম্যাচের জয়সূচক গোলটি করেন। এর ফলে ৪৬ গোল নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মান ফুটবলার হয়ে গেলেন তিনি। তিনি টপকে গেলেন ইলকাই গুন্ডোগানকে (৪৫)। লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে তাঁর দুটি গোলই অ্যানফিল্ডে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিল। প্রথমটি ২০২১ সালের আগস্টে চেলসির হয়ে, আর দ্বিতীয়টি গত সপ্তাহে আর্সেনালের জার্সিতে। অপরদিকে, সিটির মাঠে ব্রাইটনের বাজিমাত। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে। ১৮ বারের চেষ্টায় সিটির মাঠে যেকোনও টুর্নামেন্টে এটাই তাদের প্রথম জয়। সিটি এই ম্যাচে ২১টি শট নিলেও গোল করতে পারেনি। গত ২৩টি হোম লিগ ম্যাচের মধ্যে এই প্রথম তারা ঘরের মাঠে গোল পেল না। ব্রাইটন তাদের শেষ ৬টি লিগ ম্যাচের ৫টিতেই জিতেছে, আর কোনোটিতেই গোল খায়নি। এই মরশুমে তাদের ৬টি ক্লিন শিট অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

প্যালেসকে উড়িয়ে দিল স্পার্স

টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম তারা টানা তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচ জিতল। স্পার্স এই ম্যাচে ৩৪টি শট নিয়েছে, যেখানে প্যালেস নিয়েছে মাত্র ২টি। ২০১৬ সালের ফেব্রুয়ারির পর প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে এটাই স্পার্সের সর্বোচ্চ শট। গত মরশুমের শুরু থেকে সেন্টার ব্যাকদের মধ্যে প্রিমিয়ার লিগে জ্যান পল ফন হেক (৫)-এর চেয়ে বেশি গোল করেছেন কেবল ভার্জিল ফন ডাইক (৬)। কোল পামার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে নিজের ৫০তম গোলটি করেছেন। ১০৫তম ম্যাচে তিনি এই মাইলফলক ছুঁলেন। ব্লুজদের হয়ে কেবল জিমি ফ্লয়েড হাসেলবেইঙ্ক (৮৪) এবং দিয়েগো কস্তা (৮৫) তাঁর চেয়ে দ্রুত এই রেকর্ড গড়েছিলেন। ইউনাইটেড সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়হীন রইল (৩ ড্র, ৬ হার)। এর আগে ১৯৮৪ সালের সেপ্টেম্বরে তারা এর চেয়ে বেশি সময় জয়হীন ছিল।

বোর্নমাউথ ২-০ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে। এই প্রথম তারা কোনো গোল না খেয়ে টানা তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচ জিতল। ইভানিলসন টানা চারটি লিগ ম্যাচে গোল করেছেন। এই টুর্নামেন্টে এটাই তাঁর সেরা দৌড়। ২০২১ সালে রাফিনহার পর হ্যালোউইনের দিন প্রিমিয়ার লিগে গোল করা প্রথম ব্রাজিলিয়ানও হলেন তিনি। ব্রেন্টফোর্ড নিজেদের শততম প্রিমিয়ার লিগ হোম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে। শেষ ৯টি লিগ ম্যাচের ৮টিতেই তারা প্রথম গোল করেছে। ফরেস্ট এই মরশুমে তাদের ৯টি ম্যাচের ৫টিতেই গোল করতে ব্যর্থ হয়েছে। অন্য কোনো দল এতবার গোলশূন্য থাকেনি।

দূরপাল্লার শটে কভেন্ট্রির বাজিমাত

কভেন্ট্রি সিটি ৩-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। ১৯৯৯ সালের বক্সিং ডের পর এই প্রথম তারা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে বক্সের বাইরে থেকে দুটি গোল করল। তাতসুহিরো সাকামোতো প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি পেয়েছেন। কভেন্ট্রির হয়ে এই টুর্নামেন্টে গোল করা প্রথম এশীয় খেলোয়াড় হলেন তিনি। ৯ ম্যাচ শেষে সান্ডারল্যান্ডের পয়েন্ট মাত্র ৫। ২০১৬/১৭ মরশুমের পর এটাই তাদের সর্বনিম্ন পয়েন্ট, যেবার তারা অবনমিত হয়েছিল। হাল সিটি ২-২ গোলে ইপসউইচ টাউনের সঙ্গে ড্র করেছে। প্রথম ৯টি প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ১১ পয়েন্ট। শীর্ষ লিগের এই পর্যায়ে টাইগাররা এর আগে মাত্র একবারই এর চেয়ে বেশি পয়েন্ট পেয়েছিল (২০০৮/০৯ মরশুমে ২০ পয়েন্ট)। অলিভার ম্যাকবার্নি প্রিমিয়ার লিগে নিজের প্রথম ডাইরেক্ট ফ্রি-কিক গোলটি করেছেন। ২০১৬ সালের ডিসেম্বরে এভারটনের বিরুদ্ধে রবার্ট স্নডগ্রাসের পর শীর্ষ লিগে হাল সিটির কোনো খেলোয়াড়ের এটাই প্রথম ফ্রি-কিক গোল। অ্যাস্টন ভিলা ১-১ গোলে ফুলহ্যামের সঙ্গে ড্র করেছে। এর ফলে, লিগে টানা ৫ ম্যাচ অপরাজিত রইল তারা। ফুলহ্যামের গোলটি ছিল জিওন সুজুকির আত্মঘাতী গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে আত্মঘাতী গোল করা প্রথম এশীয় গোলরক্ষক হলেন তিনি। অক্টোবরে সব টুর্নামেন্ট মিলিয়ে নিকোলাস জ্যাকসনের (৬) চেয়ে বেশি গোল প্রিমিয়ার লিগের আর কোনো খেলোয়াড় করেননি। ২০২৪ সালের এপ্রিলে মরগান রজার্সের পর ভিলার প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি হোম লিগ ম্যাচে গোল করলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Harsh Dubey: রঞ্জিতে ইনিংসে ৯ উইকেট তুলে নজর কাড়লেন হর্ষ দুবে, ইডেনে বাংলা অল আউট ১৪৩ রানে
Ajker Bangla News Live: কলকাতায় বাসে উঠলেই দিতে হবে ১৮ টাকা? রাজ্য সরকারের কাছে জমা পড়ল প্রস্তাব