
Indian Football: গ্রুপ বি-র দুই ম্যাচেই জয় পেয়ে চলতি সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2026) সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বুধবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়ামে (National Stadium Dhaka) গ্রুপ বি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে (India vs Maldives) ১-০ হারিয়ে দিল ব্লু টাইগার্স (Blue Tigers)। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন সুহেল আহমেদ ভাট (Suhail Ahmad Bhat)। এই টুর্নামেন্টের প্রথম ম্যচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধও গোল করে ভারতীয় দলকে জেতান মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) এই স্ট্রাইকার। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এই ফুটবলার চলতি সাফ চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোলদাতা হওয়ার দৌড়ে আছেন।
মালদ্বীপের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের জয় সহজ হয়নি। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষপর্যন্ত পেনাল্টি থেকে করা সুহেলের গোলই পার্থক্য গড়ে দেয়। বক্সের মধ্যে আবদুল রবিহকে ফাউল করেন মালদ্বীপের হুসেন সিফাউ ইউসুফ। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুহেল। এর ফলে গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচেই জয় পেল ভারতীয় দল। ফলে গ্রুপ বি থেকে অপরাজিত থেকেই সেমি-ফাইনালে পৌঁছে গেল ব্লু টাইগার্স। অন্যদিকে, এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। দুই ম্যাচেই হেরে গেল মালদ্বীপ।
চলতি সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের (Bhutan) বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে আয়োজক দেশ বাংলাদেশ। গ্রুপ এ-র অন্য ম্যাচে শ্রীলঙ্কা (Sri Lanka) ও ভুটান ২-২ ড্র করেছে। বুধবার সন্ধেবেলা গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে দল এই ম্যচে জয় পাবে, তারা গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করবে। ম্যাচ ড্র হলে গ্রুপের শীর্ষে থাকবে বাংলাদেশ। সেক্ষেত্রে দ্বিতীয় দল হবে শ্রীলঙ্কা এবং ছিটকে যাবে ভুটান। ফলে সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।