
Lionel Messi: বাবা হোর্হে মেসি (Jorge Messi) প্রয়াত হওয়ার পর নিজের শহর আর্জেন্টিনার (Argentina) রোজারিওতে (Rosario) ফিরলেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর প্রয়াত হয়েছেন হোর্হে। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়েছেন ইন্টার মায়ামির (Inter Miami) অধিনায়ক। এদিকে মেসির অনুপস্থিতিতে মন্টেরেরির বিরুদ্ধে লিগস কাপের ম্যাচের আগে ও চলাকালীন তাঁর বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সতীর্থরা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে হোর্হের মৃত্যু হয় বলে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। শনিবার মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। ম্যাচের আগে ইন্টার মায়ামিও তাদের অধিনায়ক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। ম্যাচ শুরুর আগে হোর্হের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সমর্থকরাও।
মেসির অনুপস্থিতিতে মন্টেরেরির বিরুদ্ধে ইন্টার মায়ামির অধিনায়কের আর্মব্যান্ড পরেন রডরিগো ডে পল (Rodrigo De Paul)। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডে পল গোল করার পর সতীর্থের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানান। গোল করার পর ইন্টার মায়ামির জার্সি খুলে ফেলেন দে পল। ভিতরে থাকা আরেকটি জার্সিতে লেখা ছিল ‘Messi 10’। সেই গোলটি তিনি উৎসর্গ করেন অনুপস্থিত মেসিকে। তবে ডে পলের এই আবেগঘন মুহূর্তের পরও ম্যাচের ফল ইন্টার মায়ামির পক্ষে যায়নি। শেষ দিকে গোল করে ম্যাচ ঘুরিয়ে দেন মন্টেরেরি এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইন্টার মায়ামি লিখেছিল, 'আমাদের হৃদয় রয়েছে আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গে।'
মেসি কবে আবার ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন হোর্হের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের পর মেসিকে আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখা যায়। পরে মেসি জানিয়েছিলেন, ফুটবলের বাইরের একটি বিষয় তাঁকে আবেগপ্রবণ করে তুলেছিল। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে হোর্হের মৃত্যুর খবর অস্বীকার করে জানানো হয়েছিল, তিনি সুস্থ হয়ে উঠছেন। এবার বাবাকে হারানোর পর পরিবারের পাশে থাকতে রোজারিওতে ফিরেছেন মেসি। তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রয়াণে শোকের আবহে সাময়িকভাবে ফুটবল থেকে দূরে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।