Lakshya Sen: জাপানে ইতিহাস লক্ষ্য সেনের, সেন-সেশান প্রত্যাবর্তনে ঐতিহাসিক খেতাবের লক্ষ্য পূরণ

Published : Nov 15, 2026, 12:35 PM IST
Lakshya Sen

সংক্ষিপ্ত

Lakshya Sen: প্রথম ভারতীয় হিসাবে জাপান মাস্টার্স জিতে ইতিহাস গড়লেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। রবিবার ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর খেতাব জয়। চলতি মাসের শুরুতে হাইলো ওপেন জেতার পর এটি তাঁর টানা দ্বিতীয় খেতাব।

Lakshya Sen: প্রথম ভারতীয় হিসাবে জাপান মাস্টার্স জিতে ইতিহাস গড়লেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। রবিবার ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর খেতাব জয়। ঘরের মাঠে দর্শকদের প্রবল সমর্থন পাওয়া জাপানের কোকি ওয়াতানাবেকে তিন গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে জাপান মাস্টার্স ২০২৬ (কুমামোতো মাস্টার্স) খেতাব জিতলেন ভারতের লক্ষ্য সেন। রবিবার কুমামোতো প্রিফেকচারাল জিমন্যাসিয়ামে ১ ঘণ্টা ৪ মিনিটের লড়াইয়ে ২৫ বছর বয়সি ভারতীয় শাটলার জিতলেন ১৩-২১, ২১-১৮, ২১-১৪ ব্যবধানে।

জাপানে ইতিহাস লক্ষ্য-র

এই জয়ের সুবাদে প্রথম ভারতীয় হিসাবে জাপান মাস্টার্স পুরুষদের সিঙ্গলস খেতাব জিতে ইতিহাস গড়লেন লক্ষ্য। চলতি মাসের শুরুতে জার্মানিতে হাইলো ওপেন সুপার ৫০০ জেতার পর এটি তাঁর টানা দ্বিতীয় খেতাব।

কীভাবে জিতলেন ফাইনালে

রবিবার মিক্সড ডাবলস ফাইনাল তিন গেমে গড়ানোয় পুরুষদের সিঙ্গলস ফাইনাল শুরু হতে কিছুটা দেরি হয়। কমলা জার্সিতে লক্ষ্য এবং নীল জার্সিতে ওয়াতানাবে কোর্টে নামতেই গ্যালারি জুড়ে শুরু হয় জাপানি সমর্থকদের গর্জন। ঘরের মাঠের পরিবেশকে কাজে লাগিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ওয়াতানাবে। শুরুতে ২-০ এবং পরে ৭-১ ব্যবধানে এগিয়ে যান তিনি। বিরতিতেও ৫ পয়েন্টের লিড ধরে রাখেন জাপানি তারকা। প্রথম গেমে একটি ৪৭ শটের দীর্ঘ র‍্যালি জিতে লক্ষ্য দুই অঙ্কের ঘরে পৌঁছলেও ওয়াতানাবের গতির সামনে বেশ কিছু আনফোর্সড এরর করে বসেন। ফলে প্রথম গেমটি ১৩-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য।

নাটকীয় ফাইনাল

দ্বিতীয় গেম থেকেই সম্পূর্ণ বদলে যায় ম্যাচের ছবি। রক্ষণে প্রাচীর গড়ে তোলার পাশাপাশি নিখুঁত স্ম্যাশে ওয়াতানাবেকে চাপে ফেলে দেন লক্ষ্য। শুরুতেই ৩-০ এবং পরে ৯-২ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন তিনি। বিরতির সময় ভারতীয় তারকা এগিয়ে ছিলেন ১১-৬ ব্যবধানে। এক সময় ১৯-১০ পয়েন্টে এগিয়ে গিয়ে দ্বিতীয় গেম জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন লক্ষ্য। কিন্তু ঠিক তখনই দুর্দান্ত লড়াই শুরু করেন ওয়াতানাবে। টানা পয়েন্ট তুলে ব্যবধান কমিয়ে ১৯-১৬ করে ফেলেন তিনি। উত্তেজনার পারদ চড়লেও শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে ২০-১৮ থেকে দুর্দান্ত এক স্ম্যাশে ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান লক্ষ্য।

নির্ণায়ক তৃতীয় গেমে আর কোনো সুযোগ দেননি ভারতীয় শাটলার। শুরুতে সমানে সমানে টক্কর চললেও বিরতির সময় ১১-৭ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। কোর্টের কোণায় ডাইভ দিয়ে অবিশ্বাস্য কিছু শট বাঁচিয়ে জাপানি প্রতিপক্ষের মনোবল ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত ২১-১৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে খেতাব নিশ্চিত করেন লক্ষ্য।

এই ফাইনালের আগে মুখোমুখি সাক্ষাতে লক্ষ্য ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকলেও চলতি বছরে জাপান ওপেন এবং সিঙ্গাপুর ওপেনে ওয়াতানাবের কাছে হেরেছিলেন তিনি। সেমিফাইনালে প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ওয়াতানাবে। অন্যদিকে চি ইউ-জেন, ডং তিয়ানইয়াও, ইউশি তানাকা এবং সেমিফাইনালে আলউই ফারহানকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছিলেন লক্ষ্য। চলতি মরসুমে অল ইংল্যান্ড ওপেনে রানার্স হওয়ার পর এটি ছিল তাঁর তৃতীয় ফাইনাল। কুমামোতোয় এই জয়ের ফলে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জনের দৌড়েও অনেকটাই এগিয়ে গেলেন লক্ষ্য সেন।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lalit Modi News: বন্ধ হয়ে গেল ভারতে প্রত্যর্পণের রাস্তা! ব্রিটিশ নাগরিকত্ব পেলেন IPL কর্তা ললিত মোদী
U19 Asia Cup 2026: 'এই সাফল্য তরুণদের অনুপ্রাণিত করবে,' অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর