
Inter Miami vs Club Leon: বাবা হোর্হে মেসিকে (Jorge Messi) হারানোর মাত্র চার দিন পরেই ফুটবল মাঠে ফিরলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর তাঁর এই আবেগঘন প্রত্যাবর্তন আরও বিশেষ হয়ে উঠল ক্লাব লিওনের ডিফেন্ডার জোহান রোমানার (Jhohan Romana) আন্তরিক আলিঙ্গনে। বৃহস্পতিবার লিগস কাপের (Leagues Cup) ম্যাচে ইন্টার মায়ামির বিরুদ্ধে খেলতে নেমে মেসিকে জড়িয়ে ধরেন লিওনের এই ডিফেন্ডার। মায়ামির নিউ স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরাও মুহূর্তটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় লিওন। মেক্সিকান ক্লাবটির বার্তা, 'এই আলিঙ্গন লিওন থেকে, সবার পক্ষ থেকে, ফুটবলের পক্ষ থেকে এবং তোমার জন্য, প্রিয় লিওনেল।'
বাবা প্রয়াত হওয়ার পর ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন মেসি। আর্জেন্টিনার (Argentina) রোজারিওতে (Rosario) গিয়ে বাবার শেষকৃত্যে অংশ নেন তিনি। এর পরেই এক আবেগঘন বার্তায় ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও নিজের সংশয়ের কথা জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। হোর্হে মাত্র ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ছেলের ফুটবলজীবনের শুরু থেকেই তিনি ছিলেন অন্যতম প্রধান অভিভাবক, এজেন্ট ও পরামর্শদাতা। বাবাকে হারানোর পর মেসি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'তোমাকে ছাড়া কীভাবে এগোব, আমি জানি না।' এমনকী, ফুটবল চালিয়ে যাবেন কি না, তা নিয়েও তাঁর মনে গুরুতর সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
الاسطورة ولاعب الخصم 😂❤️ pic.twitter.com/r3PfOS1VSF
— Messi World (@M10GOAT) August 13, 2026
লিওনের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে রিজার্ভ বেঞ্চে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে মাঠে নামানো হয়। সেই সময় গ্যালারি জুড়ে ওঠে করতালির ঝড় ওঠে। কিন্তু মেসির প্রত্যাবর্তন ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের ৪২ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লিওন। জুয়ান পাবলো ডোমিংগেজ সমতা ফেরানোর পর ড্যানিয়েল আরসিলা জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৮৩ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটি আসে। ইন্টার মায়ামির হয়ে ইয়ানিক ব্রাইট একটি গোল করলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। এই হারের ফলে লিগস কাপ থেকেও ছিটকে গেল মায়ামি। তবে ফলাফল ছাপিয়ে ম্যাচটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকল মেসির মাঠে ফেরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।