
Lionel Messi Kolkata Event: সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় ৩৩,০০০ দর্শককে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। তিনি রাজ্যের ক্রীড়া বাজেট থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার নবান্নে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) জন্মবার্ষিকীতে আয়োজিত জাতীয় ক্রীড়া দিবসের (National Sports Day) অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেসির বিপুল সংখ্যক ভক্ত আছেন। তাঁরা ৪,০০০ ও ৬,০০০ টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, ওই ৩৩,০০০ ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা। ইতিমধ্যেই অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করি, আমি তা সম্পন্ন করতে পারব।’
২০২৫ সালের ১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। কিন্তু তাঁকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শকদের একাংশ বোতল ছোড়েন, রাজনৈতিক নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন, গ্যালারির চেয়ার ভাঙেন, মাঠে থাকা কার্পেট-সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেন। ফলে অনুষ্ঠান পরিচালনা নিয়ে প্রশ্ন ওঠে। তৎকালীন তৃণমূল কংগ্রেস (AITC) পরিচালিত সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) অতিরিক্ত হস্তক্ষেপকেও বিশৃঙ্খলার অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়েছিল। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ ৪,০০০ ও ৬,০০০ টাকা দামের টিকিটের অর্থ ফেরতের দাবি জানিয়েছিলেন। কিন্তু এখনও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং (Gurbux Singh), ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Sports Minister Indranil Khan), সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে-সহ (All India Football Federation President Kalyan Chaubey) বিশিষ্ট ব্যক্তিরা। এদিন কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। রাজ্যের ক্রীড়াক্ষেত্রের বেহাল দশার জন্য গত সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, এদিন যাঁরা নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের অনেকের নিয়োগ সংক্রান্ত নথিপত্র নাকি মুখ্যমন্ত্রীর দফতরে ১১ বছর ধরে পড়ে ছিল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।