
Football Transfer News: প্যারিস সেন্ট-জার্মেইয়ের (Paris Saint-Germain) ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে (Bradley Barcola) দলে নিতে বড় অঙ্কের চুক্তির পথে এগোচ্ছে লিভারপুল। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ফরাসি তারকার জন্য প্রিমিয়ার লিগের (Premier League) ক্লাবটির প্রস্তাবের মোট মূল্য ১২৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৬৬.৪৩ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত হতে পারে। ২৩ বছর বয়সি বারকোলার জন্য লিভারপুল শুরুতে দেবে ১০৬ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে পারফরম্যান্স-নির্ভর আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। বারকোলা লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে পারেন। তবে এখনও লিভারপুল বা পিএসজি-র পক্ষ থেকে এই চুক্তি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
২০২৩ সালে লিয়ঁ (Lyon) থেকে পিএসজি-তে যোগ দেন বারকোলা। প্যারিসে কাটানো সময়েই নিজেকে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। পিএসজি-র হয়ে তিনি টানা দু'বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League), তিনবার লিগ ওয়ান (Ligue 1) এবং দু'বার ফ্রেঞ্চ কাপ (French Cup) জিতেছেন। পিএসজি-র হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচে ৩৯ গোল ও ৩৭টি অ্যাসিস্ট রয়েছে বারকোলার। উল্লেখযোগ্য বিষয়, ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির এখনও দুই বছর বাকি। চুক্তিটি সম্পন্ন হলে নতুন কোচ আন্দোনি ইরাওলার (Andoni Iraola) অধীনে লিভারপুলের পুনর্গঠন প্রক্রিয়ায় বারকোলা হবেন অন্যতম বড় সংযোজন। চলতি ট্রান্সফার উইন্ডোতে ইতিমধ্যেই রোনাল্ড আরাউহো (Ronald Araujo), জেরেমি জাকে (Jeremy Jacquet) ও ভিক্টর মুনোজকে (Victor Munoz) দলে নিয়েছে লিভারপুল।
মহমেদ সালাহ (Mohamed Salah) ক্লাব ছাড়ার পর লিভারপুলের আক্রমণভাগেও বড় পরিবর্তন এসেছে। ইরাওলার হাতে আছেন আলেকজান্ডার ইসাক (Alexander Isak), কডি গাকপো (Cody Gakpo), রিও এনগুমোহা (Rio Ngumoha) ও মুনোজ রয়েছেন। অন্যদিকে দীর্ঘমেয়াদি চোটের কারণে হুগো একিতিকে (Hugo Ekitike) বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে বারকোলা যোগ দিলে অ্যানফিল্ডের আক্রমণভাগে নতুন যুগের সূচনা আরও স্পষ্ট হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।