Lionel Messi in Kolkata: গত বছরের ডিসেম্বরে কলকাতা-সহ ভারতের একাধিক শহরে এসেছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দেশের অন্য সব শহরে তাঁর অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজিত হলেও, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা দেখা যায়। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)।

DID YOU
KNOW
?
অরূপ বিশ্বাসের হার
লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য ক্রীড়ামন্ত্রীর পদ হারানো অরূপ বিশ্বাস এবার বিধানসভা নির্বাচনে হেরে গেলেন।

Lionel Messi Kolkata Event Chaos: বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) তৃণমূল কংগ্রেস হারতেই বিস্ফোরক শতদ্রু দত্ত (Satadru Dutta)। গত বছরের ডিসেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার জন্য রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তীব্র আক্রমণ করেছেন শতদ্রু। তাঁর দাবি, অরূপ ও পুলিশের জন্যই মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এর জন্য তাঁকে ফাঁসানো হয়েছিল বলেও দাবি করেছেন শতদ্রু। সেই ঘটনার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে এতদিন প্রকাশ্যে মুখ খোলেননি এই ক্রীড়া সংগঠক। এবার রাজ্যে সরকার বদল হওয়ার পরেই সরব হলেন শতদ্রু। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন।

অরূপকে তীব্র আক্রমণ শতদ্রুর

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে 'বাংলা পক্ষ' সংগঠনের প্রধান গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee) লেখেন, 'বাংলায় গঠিত হতে চলা নতুন সরকারকে স্বাগত জানাই। আশা করি বাংলায় বাঙালির অধিকার রক্ষায় নবনির্বাচিত সরকার সচেষ্ট থাকবে।' এই পোস্টেই শতদ্রু লেখেন, 'আমিও তো বাঙালি ছিলাম। যখন আমায় অরূপ আর পুলিশ, দু'জনে মিলে ফাঁসাল, তখন আপনি কোথায় ছিলেন? আমি ফ্যানসদের মেসি আনলাম আর কিছু বদমাশ লোকেরা যখন এত বাঙালি ফ্যানসদের মেসি দেখতে দিল না ঠিক করে, তখন কোথায় ছিলেন? বাঙালি আর অবাঙালির বাইরে আসুন। এটা কর্মা।'

মেসির ঘটনার জেরেই হার অরূপের?

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে সারাক্ষণ জাপটে ধরেছিলেন অরূপ। শতদ্রু বারবার অনুরোধ করার পরেও মেসিকে একা ছেড়ে দেওয়া হয়নি। মাঠে বহু লোক থাকায় গ্যালারি থেকে দর্শকরা মেসিকে দেখতে পাচ্ছিলেন না। এর জেরেই অশান্তি শুরু হয়। এই ঘটনার জেরে অরূপকে ক্রীড়ামন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে হেরে গেলেন অরূপ। তিনি এখন আর প্রভাবশালী নন। এই কারণেই এবার প্রকাশ্যে তাঁকে আক্রমণ করলেন শতদ্রু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।