Lionel Messi: আর্জেন্টিনা দলে উত্তরসূরি কে? নাম জানিয়ে দিলেন লিওনেল মেসির মা

Published : Nov 19, 2026, 07:52 PM ISTUpdated : Nov 19, 2026, 08:15 PM IST
Lionel Messi Successor

সংক্ষিপ্ত

Lionel Messi's Successor: সম্প্রতি আর্জেন্টিনার (Argentina) হয়ে বিদায়ী ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি লিওনেল মেসি। এরপরেই জাতীয় দলে কে তাঁর উত্তরসূরি হবেন, বিখ্যাত ১০ নম্বর জার্সি পরবেন, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ছেলের উত্তরসূরি বেছে নিয়েছেন মেসির মা।

Argentina National Football Team: আর্জেন্টিনার জাতীয় দলে লিওনেল মেসির (Lionel Messi) উত্তরসূরি হিসেবে নিকো পাজকে (Nico Paz) বেছে নিলেন স্বয়ং মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি (Celia María Cuccittini)। নিকোর কাকা ফ্যাবিয়ান পাজ (Fabián Paz) জানিয়েছেন, মেসির মা নিজে বলেছেন, 'তুমিই আমার ছেলের উত্তরসূরি।' রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে নিকোর কাকা সেই বিশেষ মুহূর্তের কথা জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী, 'নিকো যখন ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসেছিল, তখন সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, চোখে জল ছিল। নিকো তাঁকে চিনত বলে এগিয়ে গিয়ে অভিবাদন জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি। সেই মুহূর্তটি নিকোর কাছে ছিল অবিশ্বাস্য। তবে নিকো নিজে কখনও মেসির উত্তরসূরি হওয়ার কথা মাথায় রাখে না।'

রিয়াল মাদ্রিদ থেকে উঠে এসেছেন নিকো

২২ বছর বয়সি নিকোর জন্ম স্পেনে (Spain)। তিনি রিয়াল মাদ্রিদের (Real Madrid) অ্যাকাডেমি থেকে উঠে আসেন। এখন ইতালির (Italy) ক্লাব কোমো ১৯০৭-এর (Como 1907) হয়ে খেলছেন। তাঁর পারফরম্যান্স ফুটবল মহলের নজর কেড়ে নিয়েছে। রিয়াল মাদ্রিদে তাঁকে ফিরিয়ে আনার জন্য ৮০ মিলিয়ন ইউরোর একতরফা বাই-ব্যাক ক্লজও রয়েছে বলে জানা গিয়েছে। ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনার সিনিয়র জাতীয় ফুটবল দলের হয়েও নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছেন নিকো। এই কারণেই তাঁকে মেসির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এই তরুণ ফুটবলারের কাকা পেশায় পরিচিত ডিজাইনার এবং 'আতেলিয়ে পুচেতা' ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, ‘নিকো খুব শান্ত ও বিনয়ী ছেলে। মেসির উত্তরসূরি হওয়ার কথা ওর মাথায় নেই। ওর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তাঁর সঙ্গে একই দলে খেলা। নিকোর কাছে সেটা ছিল স্বর্গ ছুঁয়ে দেখার মতো।’

১০ নম্বর জার্সি পরা নিয়ে ভাবছেন না নিকো

মেসির পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে আলোচনা চলছে। দিয়েগো মারাদোনা (Diego Armando Maradona), মারিও কেম্পেস (Mario Kempes), হুয়ান রোমান রিকেলমে (Juan Román Riquelme) এবং মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি পরে ইতিহাস তৈরি করেছেন। তাঁদের উত্তরসূরি হিসেবে নিকোর নাম উঠে আসছে। তবে এই নিয়ে কোনও বাড়তি চাপ নিতে চান না নিকো। তাঁর কথায়, ‘সত্যি বলতে, এই বিষয়টা নিয়ে আমি ভাবি না। আমি শুধু এমন দিনগুলি উপভোগ করতে চাই। মাঠে আনন্দ করতে চাই। কারণ ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার উপর জাতীয় দলের হয়ে খেলা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। আমি এই কারণেই খেলি এবং ভবিষ্যতেও খেলে যেতে চাই।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian football: 'কল্যাণের বদলে অন্য কেউ ফেডারেশন সভাপতি হন,' ক্রীড়ামন্ত্রীকে আর্জি বাইচুংদের
FIFA Presidential Election: ফিফায় কি এবার বদলের ভোট! ইনফান্তিনোর সামনে কঠিন লড়াই, জোড়া প্রার্থীর চ্যালেঞ্জ ফিফা প্রেসিডেন্টের