
All India Football Federation Election: কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ১৫ জন প্রাক্তন ফুটবলার। তাঁদের মধ্যে আছেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তাঁরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের (Sports Minister Mansukh Mandaviya) হস্তক্ষেপ দাবি করেছেন। আগামী মাসে এআইএফএফ-এর নির্বাচন। কল্যাণ যাতে ফের ফেডারেশন সভাপতি না হতে পারেন, তাঁর বদলে যোগ্য কাউকে এই পদে আনা হয়, সে বিষয়েই ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বাইচুংরা। তাঁর সঙ্গে এই দাবিতে সহমত হয়েছেন দীপক মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, সতীশ ভারতী, আলভিটো ডি'কুনহা, মনজিৎ সিং, বলবন্ত সিং, সেহনাজ সিং, করণজিৎ সিং, হরপ্রীত সিং, বলদীপ সিং এবং হরমনজ্যোৎ সিং খাবরা।
ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে প্রাক্তন ফুটবলাররা লিখেছেন, 'বর্তমান পরিচালন সংস্থার অধীনে ভারতীয় ফুটবলের দুর্দশার কথা আপনাদের জানাতেই আমরা, জাতীয় দলের প্রাক্তন ফুটবলাররা, এই চিঠি লিখছি। দেশের ফুটবলের বর্তমান অবস্থা অত্যন্ত হতাশাজনক। আমাদের মতো একটি দেশের পক্ষে এই পরিস্থিতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ফেডারেশনের আগামী মেয়াদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রমাণিত অভিজ্ঞতাসম্পন্ন কাউকে মনোনীত করতে অবিলম্বে হস্তক্ষেপ করুন। তা না হলে বর্তমান পরিস্থিতি থেকে ভারতীয় ফুটবলের পুনরুজ্জীবনে কয়েক দশক লেগে যেতে পারে।' প্রাক্তন ফুটবলাররা কল্যাণের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে দেশের ফুটবলের উন্নতি তো হচ্ছেই না, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রাক্তন ফুটবলারদের অন্যতম উদ্বেগের বিষয় ফিফা র্যাঙ্কিংয়ে (FIFA Rankings) ভারতের পতন। তাঁরা জানিয়েছেন, গত তিন বছরে ফেডারেশনের নতুন সভাপতি ও পরিচালন কমিটি দায়িত্ব নেওয়ার পর ভারতের আন্তর্জাতিক র্যাঙ্কিং ৯৫ থেকে নেমে ১৩৮-এ পৌঁছেছে। ক্রীড়ামন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁরা লিখেছেন, ‘সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অথচ আমরা নিজেদের একটি ক্রীড়াপ্রধান দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং আগামী কয়েক বছরের মধ্যে গ্রীষ্মকালীন অলিম্পিক্স (Olympics) আয়োজনের স্বপ্ন দেখছি।’ ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। তার আগে ক্রীড়ামন্ত্রীকে বাইচুংদের এই চিঠি নিয়ে ফুটবল মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।