Mohun Bagan Transfer Update: পরের মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে মোহনবাগান। সেইমতো কাজও শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার সেই আবহেই চলে এল আরও বড় আপডেট। সবুজ মেরুনে সই করছেন বিখ্যাত এক সেন্ট্রাল মিডফিল্ডার (mohun bagan transfer news)। সূত্রের খবর, কথাবার্তা প্রায় চূড়ান্ত। মোহনবাগানে আসছেন নতুন সেন্ট্রাল মিডফিল্ডার। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল থেকে। বিপক্ষ শিবির থেকে কার্যত, আইএসএল জয়ী এই ফুটবলারকে ছিনিয়ে নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। সূত্র মারফত জানা গেছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর কথাবার্তা পুরো পাকা হয়ে গেছে। কে তিনি? মোহনবাগানে আসছেন মিগুয়েল ফিগুয়েইরা (Miguel Ferreira)।
প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেন মিগুয়েল। এবার তাঁকেই কার্যত, ছোঁ মেরে নিজেদের দলে তুলে নিচ্ছে মোহনবাগান। আইএসএল-এর গোল্ডেন বল জয়ী এই সেন্ট্রাল মিডফিল্ডারের সবুজ মেরুন ব্রিগেডে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গত মরশুমে লাল হলুদ জার্সিতে তিনি মোট ১১টি ম্যাচ খেলেন। এই ব্রাজিলিয়ান ফুটবলারের নামের পাশে রয়েছে ২টি গোল এবং ৫টি অ্যাসিস্ট। অসাধারণ দক্ষতায় মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে পারেন তিনি। একেবারে ঠিকানা লেখা পাস বাড়িয়ে ৩৮টি সুযোগ তৈরি করেছেন গত মরশুমে। তার মধ্যে ছিল ৩৩টি কী পাস। পাশাপাশি ১২টি শট অন টার্গেটে রাখেন। সেই প্লে-মেকার মিগুয়েলকেই এবার দলে নিচ্ছে মোহনবাগান।
জানা গেছে, মিগুয়েল পরের মরশুমের জন্য যে টাকা দাবি করেছেন, তা দেওয়ার সামর্থ্য নেই ইস্টবেঙ্গলের। তাই মোহনবাগান আর দেরি করেনি। রেকর্ড অর্থের চুক্তিতে সবুজ মেরুনে সই করতে চলেছেন মিগুয়েল ফিগুয়েইরা। মাঝমাঠের দখল নিয়ে বিপক্ষর ডিফেন্স চেরা পাস বাড়াতে সিদ্ধহস্ত এই ২৬ বছর বয়সী ফুটবলারটি।
নিঃসন্দেহে বিপাকে লাল হলুদ ব্রিগেড। এইরকম একজন ইউটিলিটি ফুটবলারকে সবুজ মেরুন তুলে নিয়ে চলে গেল। হাত কামড়াচ্ছেন লাল হলুদ কর্তারা? আর তাঁর মোহনবাগান যাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছেন মিগুয়েল নিজেই। বুধবার, তিনি একটি ইন্সটাগ্রাম পোষ্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আপনাদের সবার কাছ থেকে বিদায় জানাতে এবং এই মহান ক্লাবের হয়ে খেলতে পারাটা আমার জন্য যে সম্মানের বিষয় ছিল, তা প্রকাশ করতেই আমি এখানে এসেছি। আমি এই ক্লাব এবং সকল সমর্থকদের ভবিষ্যতের শুভকামনা জানাই। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ!"
অর্থাৎ, মোহনবাগানে যাওয়া প্রায় পাকা? অপেক্ষা শুধুই সরকারি ঘোষণার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।