
Cincinnati Open 2026: ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী নোভাক জকোভিচের (Novak Djokovic) এবারের সিনসিনাটি ওপেন অভিযান শেষ হল অপ্রত্যাশিতভাবে। দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৫০ নম্বর খেলোয়াড় আর্জেন্টিনার (Argentina) থিয়াগো তিরান্তের (Thiago Tirante) কাছে ২-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হেরে গেলেন ৩৯ বছর বয়সি সার্বিয়ান কিংবদন্তি। প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজেই জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন জকোভিচ। কিন্তু তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে দ্বিতীয় সেট থেকেই তাঁর শারীরিক সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। তৃতীয় গেমেই প্রায় ১৮ মিনিট লড়াই করে চারটি ব্রেক পয়েন্ট বাঁচানোর পর ক্লান্ত হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর কোর্টেই বমি করতে দেখা যায় তাঁকে। এমনকি এক পর্যায়ে হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে কোর্টে পড়ে যান জোকোভিচ। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট এসে তাঁকে চিকিৎসা দেন। দ্বিতীয় সেট শেষে দুই খেলোয়াড়কে কিছু সময়ের জন্য ড্রেসিংরুমে যেতে হয়। খেলা ফের শুরু হলে জোকোভিচ লড়াই চালিয়ে গেলেও তাঁর স্বাভাবিক ছন্দ আর দেখা যায়নি। তৃতীয় সেটে ৪-৪ অবস্থায় চতুর্থ ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে জোকোভিচের সার্ভ ভাঙেন তিরান্তে। এরপর নিজের সার্ভ ধরে রেখে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় নিশ্চিত করেন তিনি।
২ ঘণ্টা ৪৫ মিনিটের এই ম্যাচের মধ্য দিয়ে সিনসিনাটিতে জকোভিচের দীর্ঘ রেকর্ডও শেষ হল। ২০০৫ সালে এই টুর্নামেন্টে অভিষেকের পর প্রতিবার অন্তত রাউন্ড অফ ৩২-এ পৌঁছেছিলেন জকোভিচ। এবার দ্বিতীয় রাউন্ডেই থামতে হলো তাঁকে। ম্যাচের পর তিরান্তে বলেন, কিংবদন্তি জোকোভিচের বিরুদ্ধে খেলার চাপ সামলে নিজের ওপর বিশ্বাস রাখাই ছিল তাঁর জয়ের চাবিকাঠি। এটি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয় বলেও জানান আর্জেন্টাইন তারকা।
উইম্বলডনের (Wimbledon 2026) সেমি-ফাইনালে ইয়ান্নিক সিনারের (Jannik Sinner) কাছে হারের পর এটাই ছিল জকোভিচের প্রথম ম্যাচ। সিনসিনাটিতে তিনি তৃতীয় বাছাই ছিলেন, যদিও বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান পঞ্চম। শীর্ষ বাছাই সিনার হাঁটুর চোটের কারণে এবং কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) কবজির সমস্যায় টুর্নামেন্টে না থাকায় জকোভিচকে তৃতীয় বাছাই করা হয়েছিল। কিন্তু তিনি বেশিদূর এগোতে পারলেন না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।