
Óscar Bruzón Barreras News: বুধবার এএফসি (AFC) প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেদিনই পেশা সংক্রান্ত যোগাযোগ মাধ্যমে নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন লাল-হলুদের প্রাক্তন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। এই স্প্যানিশ কোচ ইন্দোনেশিয়ার (Indonesia) ক্লাব ভায়াংকারা প্রেসিসি লামপাং এফসি-তে (Bhayangkara Presisi Lampung FC) প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। অস্কার লিখেছেন, 'সামনে যে চ্যালেঞ্জ আছে, তার জন্য তৈরি।' নতুন ক্লাবে সই করার ছবিও শেয়ার করেছেন অস্কার। ইস্টবেঙ্গল সমর্থকরা তাঁকে শুভেচ্ছা জানালেও, আইএসএল (Indian Super League 2026) জয়ী দলের কোচকে ধরে রাখতে না পারার জন্য আফশোসও করছেন। অনেকে বলছেন, 'অস্কার থাকলে কেভিন-মিগুয়েলও দল ছাড়তেন না।'
ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বলেছিলেন, জুন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। ক্লাবের পক্ষ থেকে যদি তাঁকে ইতিবাচক প্রস্তাব দেওয়া হয়, তাহলে তিনি ইস্টবেঙ্গলেই থাকবেন। কিন্তু বিনিয়োগকারী সংস্থা ইমামি সরে যাওয়ার পর লাল-হলুদ কর্তারা অস্কারকে থেকে যাওয়ার প্রস্তাব দেননি। এই কারণেই ইস্টবেঙ্গল ছাড়লেন অস্কার। তাঁর পরিবর্তে অ্যান্টনিও লোপেজ হাবাসকে (Antonio López Habas) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলে গত এক দশকে সবচেয়ে সফল কোচ হাবাস। কিন্তু তারপরেও অস্কারের বিদায় মানতে পারছেন না অনেক ইস্টবেঙ্গল সমর্থক।
চলতি মরসুমে এখনও পর্যন্ত পাঁচজন বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি করার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল। ষষ্ঠ বিদেশি কে হবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এরই মধ্যে স্প্যানিশ ডিফেন্ডার ন্যাচো মনসালভের (Nacho Monsalve) ফিটনেস নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তাঁকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন হাবাস। এই পরিস্থিতিতেই বুধবার এএফসি প্রতিযোগিতার ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনজন বিদেশি ফুটবলারকে নিয়ে খেলতে নামছে ইস্টবেঙ্গল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।