
Pakistan Hockey: অস্ট্রেলিয়ায় (Australia) হোটেলের ভাড়া দিতে না পারায় রাস্তায় ঘুরে বেড়াতে বাধ্য হওয়ার কথা অস্বীকার করেছিলেন, মিথ্যা বলেছিলেন। এখন সে কথা স্বীকার করলেন পাকিস্তানের হকি দলের অধিনায়ক আহমেদ শাকিল বাট (Ammad Shakeel Butt)। তিনি এক ভিডিওতে মিথ্যা বলেছিলেন। সে বিষয়ে এখন বলছেন, 'আমাকে যদি অস্ট্রেলিয়া সফরের কথা বলতে হয়, তাহলে আমি উড়ান ও হোটেলের ব্যবস্থাপনার কথা দিয়ে শুরু করব। সিডনিতে (Sydney) অবতরণের পর আমাদের অসহায়ের মতো ১২ থেকে ১৫ ঘণ্টা অপেরা স্ট্রিটে ঘুরে বেড়াতে হয়। কেউই আমাদের দলের দায়িত্ব নেননি। আমাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়নি। আমাদের সময়মতো খাবারও দেওয়া হয়নি।' অধিনায়কের এই স্বীকারোক্তিতে পাকিস্তান হকি ফেডারেশনের (Pakistan Hockey Federation) মুখ পুড়ল।
পাকিস্তানের হকি দলের অধিনায়ক আরও বলেছেন, ‘সিডনি থেকে আমরা হোবার্টে (Hobart) যাই। পাকিস্তানে যে খবর পৌঁছেছিল, তা সত্য। আমি ও আমার দলের পক্ষ থেকে যে ভিডিও পাঠানো হয়েছিল, তা আসল। কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের বলা হয়, এই খবর ভারতে পৌঁছে গিয়েছে। যখন ভারতের কথা উল্লেখ করা হয়, তখন আমার মনে হয়েছিল, এটা আমার দেশের বিষয়। আমার দেশের অবমাননা করা উচিত নয়। এই কারণে আমি এক ভি়ডিও বানিয়ে বলি, সবকিছু ঠিক আছে। আমার দলের সঙ্গে কোনওরকম অন্যায় বা অবিচার হয়নি। কিন্তু আসলে সে কথা সত্য ছিল না। যে সব মেসেজ, ভিডিও বা খবর প্রকাশ্যে এসেছিল, সব সত্যি।’
এফআইএইচ প্রো লিগ (FIH Pro League) খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল পাকিস্তান হকি দল। খেলোয়াড়, কোচ ও কর্তাদের বলা হয়েছিল, ক্যানবেরায় এক চার তারা হোটেল বুক করা হয়েছে। পাকিস্তান স্পোর্টস বোর্ড (Pakistan Sports Board) ও পাকিস্তান হকি ফেডারেশন হোটেলের ভাড়া মিটিয়ে দিয়েছে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রথমে হোটেলে বুকিংই করা হয়নি। হোটেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শেষপর্যন্ত ঘর পান পাকিস্তানের হকি খেলোয়াড়রা। কিন্তু যত ঘর দরকার ছিল, তত ঘর পাওয়া যায়নি। ফলে দু-তিনজন খেলোয়াড়কে একই ঘরে থাকতে হয়। কারও ভালো করে ঘুম হয়নি। এ বিষয়ে অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলের খেলোয়াড়দের নিজেদের প্রাতরাশ বানিয়ে খেতে হয়েছে। ওদের দু-তিন ঘণ্টা ধরে বাসন মাজতে হয়েছে। ওদের নিজেদেরই ঘর, শৌচাগার পরিষ্কার করতে হয়েছে। আমরা বিশ্রামের সময়ই পাইনি। খেলোয়াড়রা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল।’ তিনি আরও বলেছেন, টিম ম্যানেজমেন্ট মিথ্যা বলেছিল। পাকিস্তান হকি ফেডারেশনকেও দুষছেন অধিনায়ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।