
Pakistan Cricket Coach: টি-২০ বিশ্বকাপে ধরাশায়ী হয়ে দেশে ফেরার পর পাকিস্তান ক্রিকেট দলের খোলনলচে বদলাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। আর বড় বদলের প্রথম ধাপে নতুন কোচ নিয়োগ করছে পিসিবি (PCB)। তবে এখনই সাদা বলের নয়, লাল বলের ক্রিকেটে নতুন কোচ আনছে ওয়াঘা সীমান্তের ওপাড়ের দেশ। টেস্টে পাকিস্তানের কোচ হতে চলেছেন দেশের প্রাক্তন উইকেটকিপার-অধিনায়ক সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। ২০১৭ চ্যাম্পিয়নন্স ট্রফিতে সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ৩৮ বছরের সরফরাজকেই টেস্টে হেড কোচ হিসাবে নিয়োগ করতে চলেছে পাকিস্তান। আজহার মেহমুদের পরিবর্তে এবার সরফরাজকেই পাঁচ দিনের কোচ হিসাবে দেখা যাবে বলে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত বছর অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের হেড কোচের পদ শূন্য।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলেছেন আজহার মেহমুদ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান এখন ভারতের আগে পাঁচ নম্বরে রয়েছে। ফাইনালে উঠতে গেলে এখন অবিশ্বাস্য কিছু করতে হবে শান মাসুদের দলকে। পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ, ইংল্য়ান্ডে, অগাস্টে।
গত বছর মে মাস থেকে ওয়ানডে ও টি-২০-তে পাকিস্তানের কোচিং করাচ্ছেন মাইক হেসন (Mike Hesson)। টি-২০ বিশ্বকাপে হতাশার বিদায়ের পর হেসেনর চাকরি নিয়েও সংশয় তৈরি হয়েছে। প্রসঙ্গত, এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান। গ্রুপ লিগে ভারতের বিরুদ্ধে হারের পাশাপাশি সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারে পাকিস্তান। একমাত্র কোনওরকমে শ্রীলঙ্কা ছাড়া আর কোনও বড় দলকেই টি-২০ বিশ্বকাপে হারাতে পারেননি সলমন আঘারা। বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচের নিয়োগ নিয়ে রীতিমত ছেলেখেলা করছে PCB। গ্যারি কার্স্টেন আচমকা পদত্যাগ করার পর আকিব জাভেদ অন্তর্বতীকালীন কোচ ছিলেন। তারপর মাইক হেসনকে সাদা বলের ক্রিকেটে কোচ হিসাবে নিয়োগ করা হয়।
৩৮ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদ পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৪টি টেস্ট ম্যাচ। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেন। এরপর তাঁর জায়গায় আসেন মহম্মদ রিজওয়ান। অধিনায়ক হিসেবে ২০১৭ সালে ICC Champions Trophy জিতিয়েছিলেন পাকিস্তানকে, ফাইনালে হারিয়েছিল ভারতকে। এখনও পর্যন্ত তিনিই পাকিস্তানের শেষ অধিনায়ক যিনি আইসিসি ট্রফি জিতেছেন। সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে কাজ করে প্রশংসিত হন সরফরাজ। ২০২৫ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এই সাফল্যে মুগ্ধ হন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। টুর্নামেন্ট চলাকালীন দর্শকদের একাংশও সরফরাজকে সিনিয়র দলের কোচ করার দাবি তোলেন।