
Richa Ghosh Auction Price: মহিলাদের 'দ্য হান্ডেড্র' টুর্নামেন্টের (Hundred Women's League 2026) নিলামে বাংলার বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে নিয়ে জোর টানাটানি হল। শেষ পর্যন্ত শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচাকে ৫০ হাজার পাউন্ডে কিনল ম্যানচেস্টার সুপার জায়েন্টস। ভারতীয় মুদ্রায় প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকায় রিচাকে কিনল ম্য়ানচেস্টার। এই দলই আবার ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনাকে কিনেছে। তার মানে ব্রিটেনের ১০০ বলে ফ্র্য়াঞ্চাইজি লিগ 'দ্য হান্ড্রেড'-এ স্মৃতি ও রিচা একই দলের হয়ে খেলতে নামবেন। স্মৃতিকে কিনতে ৯০ লক্ষ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা খরচ করল ম্যানচেস্টার। গত মরসুমে স্মৃতি ও রিচা দুজনেই WPL-এ আরসিবি-র কাপ জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন।
এবারের মহিলাদের 'দ্য হান্ডেড্র'-এর নিলামে সবচেয়ে বেশি দর পেলেন দুজন ক্রিকেটার- অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার বেথ মুনি (ট্রেন্ট রকেটস, ২ লক্ষ ১০ হাজার পাউন্ট) ও নিউ জিল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইন. (ওয়েলশ ফায়ার, ২ লক্ষ ১০ হাজার পাউন্ড)। মুনি ও ডিভাইন ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকায় বিক্রি হলেন। যেখানে ভারতের WPL-এ সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধনা (৩ কোটি ৪০ লক্ষ টাকা)।
স্মৃতি, রিচার পাশাপাশি ভারতের জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা ও যশস্তিকা ভাটিয়া 'দ্য হান্ডেড্র'-এর নিলামে অংশ নিয়েছিলেন। দীপ্তিকে বেস প্রাইস ২৭ হাজার ৫০০ পাউন্ড ও যশস্তিকা-কে ১৫ হাজার পাউন্ডে নিলামে বিক্রি হলেন। জেমাইমাকে কিনেছে সাউদার্ন ব্রেভ। ভারতীয় মহিলা দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর নিলামে নাম নথিভুক্ত করাননি। ভারতীয় পুরুষ ক্রিকেটাররা বিদেশের কোনও ফ্র্য়াঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি না পেলেও দেশের মহিলা ক্রিকেটারদের বিগ ব্যাশ, দ্য হান্ডেড্র-এর মত বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পান।
কবে থেকে শুরু টুর্নামেন্ট
চলতি বছর ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট ইংল্যান্ডে আয়োজিত হবে ১০০ বলের জনপ্রিয় টুর্নামেন্ট 'দ্য হান্ডেড্র'। যে আটটি ফ্র্য়াঞ্চাইজি দল এবারের লিগে অংশ নেবে সেগুলি হল- বার্মিংহ্যাম ফোনিক্স, লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার সুপার জায়েন্টস, মুম্বই ইন্ডিয়ান লন্ডন, সাউদার্ন ব্রেভ, সানরাইজার্স লিডস, ট্রেন্ট রকেটস ও ওয়েলশ ফায়ার।
প্রসঙ্গত, মহিলাদের আইপিএল হিসাবে পরিচিত WPL-এ রিচাকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টি-২০ ক্রিকেটে ব্য়াট হাতে রিচার পারফরম্যান্স ঈষর্ণীয়। গ্লাভস হাতেও বেশ দক্ষ তিনি। খুব কম সময়ের মধ্যে ম্য়াচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা মহিলাদের ক্রিকেটে যাদের মধ্যে আছে, তাদের মধ্যে রিচা একেবারে সামনের সারিতে আছেন।