Mohun Bagan vs Inter Kashi: গোলশূন্য অবস্থাতেই শেষ হয় এই ম্যাচ। নিঃসন্দেহে ডার্বির আগে কিছুটা চাপে বাগান শিবির। আপাতত ১১ ম্যাচে ২২ পয়েন্ট।
Mohun Bagan vs Inter Kashi: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মঙ্গলবার, আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইন্টার কাশী (mohun bagan vs inter kashi live)। সেই ম্যাচ ড্র হল গোলশূন্য অবস্থায়।

প্রসঙ্গত, এই ম্যাচে নামার আগে পর্যন্ত, মোহনবাগান ছিল লিগ টেবিলের দুই নম্বরে। ১০ ম্যাচ খেলে তাদের সংগ্রহে মোট পয়েন্ট ছিল ২১। ম্যাচের শুরুতে একটু পজিশনাল ফুটবলে জোর দেয় মোহনবাগান। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইন্টার কাশী বেশ আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। যদিও থেমে ছিল না বাগান শিবির।
খেলার ১৮ মিনিটে, সাহাল আবদুল সামাদের বাঁ-পায়ে নেওয়া জোরালো শট একটুর জন্য বারপোস্টের উপর দিয়ে চলে যায়। তার কয়েক মুহূর্ত বাদেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল ইন্টার কাশী। একটুর জন্য মিস করেন মহম্মদ আসিফ।
ম্যাচের ৩৯ মিনিটে, টেকচাম অভিষেক সিং-এর শট অনেকটা বাইরে দিয়ে উড়ে যায়। পাল্টা আক্রমণ তুলে আনে ইন্টারও। ৪৩ মিনিটের মাথায়, আলফ্রেডের ডান পায়ের শট বারপোস্টের উপর দিয়ে চলে যায়। এরপরেও দুই দলের কাছে সুযোগ আসে। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে বাগান শিবির। ম্যাচের ৫৩ মিনিটে, লিস্টন কোলাসোর শট বাইরে চলে যায়। এরপর ৬৪ মিনিটে, জেমি ম্যাকলারেন পাস বাড়ান দিমিত্রি পেত্রাতোসের দিকে। কিন্তু তাঁর শট ফের বাইরে চলে যায়। তারপর আবার সুযোগ আসে দিমির কাছে। কিন্তু এবারও মিস।
তবে ম্যাচের ৮৫ মিনিটে, জেমি ম্যাকলারেনের শট অনবদ্য সেভ করেন ইন্টার কাশী গোলকিপার শুভম দাস। তার কয়েক মুহূর্ত বাদেই কর্নার থেকে আসা বলে হেড করেও গোল করতে ব্যর্থ হন টম অ্যালড্রেড।
তবে গোল আসেনি। ৭ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। সেখানেও দুই দলের কাছে সুযোগ তৈরি হয়। তবে কেউই গোল করতে পারেনি। এমনকি, শেষ মুহূর্তে প্রায় গোল করার কাছে পৌছে যায় ইন্টার। তবে বিপদ কিছু ঘটেনি।
শেষপর্যন্ত, গোলশূন্য অবস্থাতেই শেষ হয় এই ম্যাচ। নিঃসন্দেহে ডার্বির আগে কিছুটা চাপে বাগান শিবির। আপাতত ১১ ম্যাচে ২২ পয়েন্ট সবুজ মেরুনের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।