Mohun Bagan vs East Bengal: কলকাতা ফুটবলের মহারণ! রবিবার, কলকাতা ডার্বি। বাঙালির আবেগের বড় ম্যাচ। মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ডার্বির উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই শিবিরেই (Mohun Bagan vs East Bengal)। মাঠে নামার আগে দুই দলের কোচ এবং ফুটবলাররা কী জানালেন? মেগা ডার্বি মানেই শুধু তিন পয়েন্টের লড়াই নয়। বরং, সম্মান, আবেগ এবং সমর্থকদের প্রত্যাশা পূরণের একটি অন্যতম মঞ্চ (Indian Super League 2026-27)। ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস জানিয়েছেন, “মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তবে সেই পরিসংখ্যানকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে দিচ্ছি না। মনে রাখবেন, মরশুমের প্রথম কয়েকটি ম্যাচের ফল দিয়ে কখনোই কোনও দলের শক্তি বিচার করা যায় না। এটা ঠিক যে, এই ম্যাচে প্রত্যাশা এবং চাপ দুটোই অনেক বেশি। তবে সেই চাপ যেন ফুটবলারদের পারফরম্যান্সের উপর প্রভাব না ফেলে, সেটাই আমার প্রধান লক্ষ্য।"
অন্যদিকে, মোহনবাগান কোচ পানাজিওটিস ডিলম্পেরিস বলেন, “আপনাকে মনে রাখতে হবে, একটা দল পাঁচটি ম্যাচ জিতেছে। তারা কি আসলে কিছুই ভালো করছে না? আপনারাই বলুন। শুধুই কি খারাপ খেলছে? সমর্থকদের কাছে আমার একটাই বার্তা, দলের এই জয়ের মূল্যায়নও সঠিকভাবে করতে হবে। তাছাড়া এই পাঁচ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস আমাদের সঙ্গেই সবসময় থাকবে। কিন্তু ডার্বি ম্যাচ অবশ্যই সবসময় আলাদা। অতএব, আগের ম্যাচে কী হয়েছে, তা এখানে একেবারেই গুরুত্বপূর্ণ নয়। কারণ, মাঠে নামলে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। গ্যালারি এবং স্টেডিয়ামের পরিবেশও অনেকটা আলাদা থাকে। সবকটি ম্যাচই আমাদের কাছে নতুন এবং ছেলেরাও নিজেদের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।"
মোহনবাগান ফুটবলার ডেজান দ্রাজিচ এবং ইস্টবেঙ্গল ফুটবলার ডেভিডও উপস্থিত ছিলেন ম্যাচের আগের এই সাংবাদিক সম্মেলনে। তবে পারিবারিক কারণে, দেশে ফিরে গেছেন মিগুয়েল। ডার্বি ম্যাচ হলেও, মিগুয়েলের পারিবারিক বিষয়টি উপলব্ধি করে এবং পরিস্থিতি বিচার করে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মিগুয়েলকে ছুটি দিয়েছে বলেই জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী। তাছাড়া চোটের জেরে সাহাল আবদুল সামাদের সার্ভিসও পাবেনা দল।
লিগ টেবিলের নিরিখে দেখতে গেলে মরশুমের প্রথম আইএসএল ডার্বিতে এগিয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। অপরদিকে, নিঃসন্দেহে ডুরান্ড কাপের ফাইনালে ৪-১ গোলে মোহনবাগানকে হারানোর স্মৃতি থেকে আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার চেষ্টা করবে লাল হলুদ ব্রিগেড। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ডুরান্ড কাপের ফাইনাল এবং আইএসএল-এর ডার্বি সম্পূর্ণ একটি আলাদা ম্যাচ। কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে, আইএসএল ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।