Indian Football League: ইন্ডিয়ান ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান ইউনাইটেডকে আতিথ্য দিচ্ছে শিলং লাজং এফসি। পয়েন্ট টেবিলের প্রথম তিনে জায়গা করে নিতে মরিয়া দু'দলই। শিলং লাজং যেখানে টানা হারের বৃত্ত থেকে বের হতে চাইছে, সেখানে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রাজস্থান ইউনাইটেড।
Indian Football League: আগামী ২৯ নভেম্বর, রবিবার, শিলংয়ের এসএসএ স্টেডিয়ামে ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৬-২৭-এর ২৬ নম্বর ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির মুখোমুখি হবে শিলং লাজং এফসি। পাঁচ ম্যাচের পর দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র এক। লিগের ষষ্ঠ সপ্তাহে পা দেওয়ার মুখে, এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ রয়েছে দুই দলের কাছেই। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শিলং লাজং বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। তাদের ঝুলিতে রয়েছে দুটি জয়, একটি ড্র এবং দুটি হার। অন্যদিকে, রাজস্থান ইউনাইটেড দুটি জয় এবং তিনটি হার নিয়ে ছয় পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে। টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরতে মরিয়া আয়োজকরা। আর মহামেডান এসসি-কে ৪-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে শিলংয়ে পা রেখেছে সফরকারী দল (Indian Football League)।
রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি শিলং লাজং এফসি
বীরেণ থাপার দল তিনটি ম্যাচে অপরাজিত থেকে টুর্নামেন্ট শুরু করেছিল। মহামেডান এসসি এবং শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে জয় এবং চানমারি এফসির বিরুদ্ধে ড্র করেছিল তারা। কিন্তু ডেম্পো এসসি এবং নাগাল্যান্ড ইউনাইটেড এসসির কাছে টানা ১-২ ব্যবধানে হার তাদের শুরুর সেই দাপট থামিয়ে দেয়। নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ১৭ মিনিটেই দু'টি গোল হজম করে শিলং। পরে ৬৩ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ত্রেিমিকি লামুরং একটি গোল শোধ করেন। তবে ৮৩ মিনিটে মিডফিল্ডার ডামাইটফাং লিংডোহ সরাসরি লাল কার্ড দেখলে তাদের প্রত্যাবর্তনের আশা আরও ধাক্কা খায়। লিংডোহের সাসপেনশন হেড কোচ বীরেণ থাপার জন্য বড় চিন্তার কারণ, যিনি এই মিডফিল্ডারকে দলের অন্যতম মূল ভিত্তি হিসেবেই মনে করেন।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে থাপা বলেন, “আগামীকালের ম্যাচে আমি নিশ্চিতভাবেই ডামাইটকে মিস করব। কারণ আমার কাছে, লিংডোহ, লেয়া এবং গ্যারি, মাঝমাঠে দলের মেরুদণ্ড।” তবে দলের গভীরতা নিয়ে আস্থা প্রকাশ করে তিনি যোগ করেন, “বেঞ্চে থাকা খেলোয়াড়দের এগিয়ে এসে নিজেদের সেরাটা দিতে হবে।” সাম্প্রতিক হারের ধাক্কা সত্ত্বেও, থাপা মনে করেন তাঁর দল ঘরের মাঠে নামার আগে ইতিবাচক মানসিকতাতেই রয়েছে। তিনি বলেন, “টানা দুটো হারের পরও ছেলেদের খুব পজিটিভ দেখাচ্ছে। আমি নিশ্চিত, ছেলেরা কাল ভালো খেলবে এবং ঘুরে দাঁড়িয়ে ভালো ফলাফল নিয়ে ফিরবে।” শিলং কোচ তিন পয়েন্ট নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন, যা অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে তাঁর দলকে ফের প্রথম তিনে নিয়ে যেতে পারে। “আগামীকালের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। জিতলে আমরা আবার প্রথম তিনে থাকব, যা দলকে একটা আলাদা বুস্ট দেবে,” বলেন তিনি।
জমে উঠেছে ইন্ডিয়ান ফুটবল লিগ
শ্রীনিধি ডেকান এবং নাগাল্যান্ড ইউনাইটেডের বিরুদ্ধে টানা গোল করা ফরোয়ার্ড ত্রেিমিকি লামুরংয়ের দিকে তাকিয়ে থাকবে শিলং। অ্যাটাকিং থার্ডে এভারব্রাইটসন সানা এবং জোটা-ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, আর সেট-পিসে বাড়তি বিপদ ডেকে আনতে পারেন জোয়েডসন দস সান্তোস। লিংডোহ না থাকায়, দলের ছন্দ ধরে রাখা এবং ডিফেন্স ও অ্যাটাকের মধ্যে যোগসূত্র তৈরির দায়িত্ব পড়বে বাকি মিডফিল্ডারদের কাঁধেই। মিডফিল্ডার লামলাললিয়ানও কোচের সুরে সুর মিলিয়ে জোর দিয়েছেন যে, দলের সমর্থকরা যাতে হতাশ না হয়, তার জন্য তাঁরা বদ্ধপরিকর। “এই ম্যাচের জন্য আমরা গত তিন দিন ধরে ট্রেনিং করছি, তাই আমাদের প্রস্তুতি ভালো। সমর্থকদে জন্য আমরা নিজেদের সবটা উজাড় করে দিতে চাই। আমরা ঘুরে দাঁড়িয়ে ফের খেতাবি দৌড়ে ফিরতে চাই,” বলেন তিনি। লিংডোহের গুরুত্ব স্বীকার করে তিনি আরও যোগ করেন, “ওর না থাকাটা আমাদের একটু হলেও ভোগাবে, তবে বেঞ্চ থেকে যারা আসছে তারাও নিজেদের সেরাটা দিচ্ছে, তাই আমরা ম্যানেজ করে নেব।”
অন্যদিকে, মহামেডান এসসির বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সের ধারা বজায় রাখতে চাইবে রাজস্থান ইউনাইটেড। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে চার গোল করে বড় ব্যবধানে অ্যাওয়ে জয় তুলে নেয় তারা। ৬২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে খাতা খোলেন আদ্রিয়ান কাস্তেলানো। চার মিনিট পরেই গোল করেন ব্রিজেশ গিরি। জুদাহ গার্সিয়া একটি পেনাল্টি থেকে গোল করার পর, স্টপেজ টাইমে গোল করে দলের জয় নিশ্চিত করেন থোমিও শিমরে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে নবম থেকে সপ্তম স্থানে উঠে আসে রাজস্থান। দলের প্রথম তিন ম্যাচের পর দায়িত্ব নেওয়া হেড কোচ বিক্রান্ত শর্মা, এই জয়ের পর ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। তাঁর প্রথম ম্যাচে চানমারি এফসির কাছে ১-৪ গোলে হারলেও, কলকাতায় দলের পারফরম্যান্স বেশ উৎসাহব্যঞ্জক। তবে শিলংয়ে তাঁর দলের জন্য কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সে বিষয়ে শর্মা ওয়াকিবহাল।
লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে
তিনি বলেন, “শিলংয়ের মাটিতে ওদের বিরুদ্ধে খেলাটা সবসময়ই কঠিন, এটা সবাই জানে। আমরা ম্যাচটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি। গত ম্যাচের ফল কী হয়েছিল তাতে কিছু যায় আসে না; ওরা সবসময়ই একটা ভালো দল।” এসএসএ স্টেডিয়ামে দর্শকদের প্যাশনেট সমর্থনের মুখেও পড়তে হবে রাজস্থানকে। শর্মা মনে করেন, দলের খেলোয়াড়দের জন্য মানসিক দৃঢ়তা এবং বিষয়গুলোকে সহজভাবে নেওয়াটা খুব জরুরি হবে। তিনি বলেন, “আপনি দর্শকদের চিৎকার করা থেকে আটকাতে পারবেন না। তাই সবচেয়ে ভালো উপায় হলো মানসিকভাবে শক্ত থাকা। খুব সাধারণ এবং বেসিক উপায়ে কাজ করা, কোনো ফ্যান্সি কিছু না করে শুধু নিজেদের খেলাটা খেলা।” রাজস্থানের পরিকল্পনার কেন্দ্রে থাকবেন কাস্তেলানোর সেট-পিস, গার্সিয়ার আক্রমণ এবং শিমরে ও গিরির মুভমেন্ট। বিশেষ করে শিমরে সাম্প্রতিক ম্যাচগুলোতে বেশ প্রভাবশালী ভূমিকা নিয়েছেন। সামলেশ্বরী এসসি এবং মহামেডানের বিরুদ্ধে গোল করার পাশাপাশি, প্রথম ম্যাচে ব্রিজেশ গিরিকে দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি। রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার লালফেলকিমাও এই ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরে জানিয়েছেন যে, চলতি মরশুমে বেশি সময় খেলার সুযোগ পেয়ে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে।
তিনি বলেন, “বেশি খেলার সুযোগ পাওয়ায় ম্যাচ বাই ম্যাচ আমার আত্মবিশ্বাস বাড়ছে। ভালো লাগছে এবং আত্মবিশ্বাসটাও ফিরে আসছে।” আগামী রবিবারের ম্যাচ প্রসঙ্গে তিনি যোগ করেন, “আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ একটা ম্যাচ পুরো পয়েন্ট টেবিল বদলে দিতে পারে।” শিলং যেখানে মরশুমের শুরুর ফর্ম ফিরে পেতে চাইছে, আর রাজস্থান তাদের সাম্প্রতিক জয়ের ধারা বজায় রাখতে মরিয়া, সেখানে এই লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। আয়োজকদের ঘরের মাঠে চেনা পরিবেশের ফায়দা তুলতে হবে এবং এক গুরুত্বপূর্ণ মিডফিল্ডারের অভাব পূরণ করতে হবে। অন্যদিকে, সফরকারী দল তাদের অ্যাটাকিংয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আরও একটি কঠিন অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিতে চাইবে। যে দলই জিতুক না কেন, তারা পয়েন্ট টেবিলের প্রথম তিনে জায়গা করে নেবে, যা লিগের বাকি অংশে তাদের অবস্থান মজবুত করতে সাহায্য করবে। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ডিডি স্পোর্টস-এ। এছাড়াও জিফাইভ, ওয়েভস অ্যাপ এবং জিফাইভ ও ইউনাইট এইট স্পোর্টস-এর ইউটিউব চ্যানেলে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।











