Unity Cup 2026: ইউনিটি কাপকে স্বীকৃতি দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সর্বোচ্চ সংস্থা ফিফা (unity cup 2026)। প্রসঙ্গত, আগামী ২৬ মে থেকে শুরু হতে চলেছে ইউনিটি কাপ। এতদিন পর্যন্ত, এই ফিফা উইন্ডোর বাইরে একটি স্বীকৃতিহীন আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হত। কিন্তু নিজেদের সিদ্ধান্ত বদলাল ফিফা। আর এই বছরই প্রথম ইউনিটি কাপে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল (indian football news)।
ফিফা বিবৃতি দিয়ে জানিয়েছে, “ইউনিটি কাপ ২০২৬”-কে এখন থেকে টায়ার-১ প্রতিযোগিতার মর্যাদা দেওয়া হবে। অর্থাৎ, ম্যাচগুলির ফলাফল সরাসরি ফিফা পরিচালিত বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। তার মানে এটি আর এখন থেকে শুধুমাত্র ফ্রেন্ডলি টুর্নামেন্ট নয়। পাশাপাশি রেফারিং থেকে ম্যাচ রিপোর্টিং, সবকিছুই ফিফার মানদণ্ডে মেনে হবে।
এই গোটা টুর্নামেন্টটি নক আউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালের বিজয়ী দল ফাইনাল খেলতে নামবে। আর পরাজিত দুটি দল তৃতীয় স্থানের জন্য লড়াই করবে। উল্লেখ্য, ইউনিটি কাপ মূলত এমন দেশগুলিকে নিয়ে আয়োজন করা হয়ে থাকে, যাদের ইংল্যান্ডে বেশ বড় কমিউনিটি রয়েছে।
এক্ষেত্রে ভারতকে প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছে। ২৬ মে, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নাইজেরিয়া বনাম জিম্বাবোয়ে। এরপর ২৭ মে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম জামাইকা। সবশেষে ফাইনাল ম্যাচটি খেলা হবে আগামী ৩০ মে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও ঐদিনই খেলা হবে।
কিন্তু এই টুর্নামেন্টটি যেহেতু আন্তর্জাতিক উইন্ডোর বাইরে আয়োজিত হচ্ছে, তাই মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স তাদের ফুটবলারদের ছাড়েনি। এই প্রসঙ্গে বার্তা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্রসঙ্গত, ফিফা উইন্ডোর বাইরে ফুটবলাররা জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোট পেলে, তাদের চিকিৎসার দায় কে নেবে? এই মর্মে এআইএফএফ-কে একটি চিঠি দেওয়া হয় মোহনবাগানের তরফে। এমনটাই সূত্রের খবর। এমনকি, জাতীয় দলের শিবিরে যোগ দেওয়া ৬ জন ফুটবলার ফিরেও আসেন।
কিন্তু ফেডারেশনের তরফে ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ দাবি করেন, এমন কোনও চিঠির অস্তিত্বই নেই। ক্লাবের তরফ থেকে ভুল তথ্য দেওয়া হয়েছে সংবাদমাধ্যমকে, এমনটাই জানাচ্ছেন তিনি।
এই প্রসঙ্গে সত্যনারায়ণ জানিয়েছেন, “গণমাধ্যমে একজন ক্লাব কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, মোহনবাগান ৬ দিন আগেই ফেডারেশনকে একটি চিঠি দিয়ে জানায় যে, ফিফা উইন্ডোর বাইরে ফুটবলাররা আহত হলে ফেডারেশনকেই তার দায়ভার গ্রহণ করতে হবে। সেইসঙ্গে, তারা অভিযোগ করে যে, আমরা নাকি সেই চিঠির কোনও উত্তর দিইনি। আসলে এমন কোনও চিঠির অস্তিত্বই নেই। বরং, লন্ডনে অনুষ্ঠিত হতে চলা ইউনিটি কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে ১০ এপ্রিলের পর থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সমস্ত ক্লাবকে মোট চারটি চিঠি পাঠিয়েছে।”
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া ফুটবলারদের চিকিৎসা এবং রিহ্যাবের বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে ফেডারেশন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।