
Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়ে নজির গড়লেন বৈভব সূর্যবংশী। শনিবার ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নামেন ১৫ বছরের বৈভব। টি-২০ ক্রিকেটে এত কম বয়েসে দলকে নেতৃত্ব দেওয়ার নজির নেই। গ্রুপ বি-র ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিহারের অধিনায়ক বৈভব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেলেন না বৈভব। ১২ বলে ১৮ রান করে সৌরাষ্ট্রে পেসার চেতন সাকারিয়ার বলে আউট হয়ে যান বৈভব। অলোক কুমারের সঙ্গে বিহারের হয়ে ওপেন করতে নেমে ১৫ বছরের অধিনায়ক এদিন ২টি বাউন্ডারি ও ১টি ওভাল বাউন্ডারি মারেন। প্রসঙ্গত, বৈভবদের বিরুদ্ধে এই টি-২০ ম্যাচে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন জয়দেব উনাদকট।
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় একের পর এক রেকর্ড গড়ে নজির গড়েছে বৈভব সূর্যবংশী। বিহারের এই বাঁ হাতি ব্যাটার মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রান করে পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী হন। ৩৫ বলে শতরান করে আইপিএলের দ্রুততম শতরানের তালিকায় দ্বিতীয় স্থানেও উঠে আসে তার নাম। ১৪ বছর ২৭২ দিন বয়সে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১৯০ রান করে পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী হওয়ার নজির গড়ে বৈভব। ওই ইনিংসে মাত্র ৩৬ বলে শতরান এবং ৫৯ বলে দেড়শো রান পূর্ণ করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দেড়শোর রেকর্ডও গড়ে সে।
২০২৬ সালের আইপিএলে ৭২টি ছক্কা মেরে ক্রিস গেইলের এক মরসুমে ৫৯টি ছক্কার রেকর্ড ভেঙে দেয় এই বিস্ময় প্রতিভা। একই মরসুমে ৭৭৬ রান করে জেতে অরেঞ্জ ক্যাপও। টি-২০ ক্রিকেটে মাত্র ৪৭৩ বলে ১০০০ রান পূর্ণ করে দ্রুততম এক হাজার রানের নজির গড়ে বৈভব। শুধু তাই নয়, লিস্ট এ ক্রিকেটে মাত্র ১১ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও তার ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বকনিষ্ঠ ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ অভিষেকের নজির গড়েছে সে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয় বৈভব। অল্প বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় হয়ে উঠেছে এই কিশোর।